📄 তওবার শর্তাবলী
তওবার শর্তাবলী (শروط التوبة) :
পূর্বের পাপ যদি আল্লাহ্র হক বিষয়ে হয়, যেমন আল্লাহ্র সাথে শিরক করা, ছালাত-ছিয়াম ইত্যাদি আদায় না করা, তাহ'লে আল্লাহ্র নিকট খালেছ তওবা করে ফিরে এলে এবং আল্লাহ্ আনুগত্য করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। শর্ত হ'ল অনুতপ্ত হওয়া, ঐকাজ পরিত্যাগ করা এবং পুনরায় ঐ কাজ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকা। আর যদি সেটি বান্দার হক সম্পর্কিত হয়, তাহ'লে উপরের তিনটির সাথে চতুর্থ শর্তটি হ'ল বান্দার হক বুঝে দেওয়া। তবেই তওবা কবুল হবে, নইলে নয়। ৯৮
রাসূলুল্লাহ (ছাঃ) দৈনিক ৭০ বারের অধিক, অন্য বর্ণনায় ১০০ বার করে তওবার দো'আ পাঠ করতেন'। ৯৯ তওবার দো'আ : أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ- 'আমি আল্লাহ্র নিকটে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ব্যতীত কোন উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক। আর আমি তাঁর দিকেই ফিরে যাচ্ছি' (বা তওবা করছি)। আন্তরিকভাবে এই দো'আ পড়লে আল্লাহ তাকে ক্ষমা করেন...'।১০০
টিকাঃ
৯৮. নববী, রিয়াযুছ ছালেহীন 'তওবা' অনুচ্ছেদ-এর আলোচনা ১/১৪ পৃ.; উছায়মীন, মাজমূ'উল ফাতাওয়া ২/১৫৩-১৫৪ পৃ..
৯৯. বুখারী হা/৬৩০৭, রাবী আবু হুরায়রা (রাঃ); মুসলিম হা/২৭০২, রাবী আগার আল-মুযানী (রাঃ); মিশকাত হা/২৩২৩-২৪।
১০০. আবুদাউদ হা/১৫১৭; মিশকাত হা/২৩৫৩, রাবী বেলাল, তার পিতা ইয়াসার ও দাদা যায়েদ, রাসূল (ছাঃ)-এর মুক্তদাস।