📄 আল্লাহর দাসত্ব না করার পরিণতি
আল্লাহ্র দাসত্ব ছাড়লে মানুষ শয়তানের দাসত্ব করবে। যেমন ক্বিয়ামতের দিন আল্লাহ বলবেন, أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ أَنْ لَا تَعْبُدُوا الشَّيْطَانَ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ - 'হে আদম সন্তান! আমি কি (নবীদের মাধ্যমে) তোমাদের নিকট উপদেশ পাঠাইনি যে, তোমরা শয়তানের দাসত্ব করো না। নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন' (ইয়াসীন ৩৬/৬০)। আর শয়তান কখনো প্রকাশ্যভাবে নিজের রূপে আসে না। বরং সে মানুষের অন্তরে আল্লাহ্র বিধান সম্পর্কে খটকা ও অবিশ্বাস সৃষ্টির মাধ্যমে আসে। যেমন আল্লাহ বলেন,
أَرَأَيْتَ مَن اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ أَفَأَنْتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلاً - ‘তুমি কি তাকে দেখেছ, যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করেছে? তুমি কি তার যিম্মাদার হবে? (ফুরক্বান ২৫/৪৩)। সে কখনো মানুষের রূপ ধরে আসে।
وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنْسِ وَالْجِنِّ يوحى بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا، وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ এভাবে আমরা প্রত্যেক নবীর জন্য মানুষ ও জিনের মধ্য থেকে বহু শয়তানকে শত্রুরূপে নিযুক্ত করেছি। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথা দ্বারা প্ররোচনা দেয়। যদি তোমার প্রভু চাইতেন, তাহ'লে তারা এটা করতে পারতো না। অতএব তুমি ওদেরকে ও ওদের মিথ্যা অপবাদ সমূহকে ছেড়ে চল' (আন'আম ৬/১১২)। সেকারণ সূরা নাস-এর শেষে বলা হয়েছে,- مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ জিন ও ইনসানের খটকার অনিষ্টকারিতা হ'তে' হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি' (নাস ১১৪/৬)।
📄 ধ্বংসের নায়কদের চরিত্র
পৃথিবীতে যারা ধ্বংসের নায়ক তাদের অধিকাংশ আল্লাহকে 'রব' হিসাবে স্বীকার করে। কিন্তু তারা তার বিধান মানে না। আল্লাহ যখন ইবলীসকে লা'নত করে জান্নাত থেকে চিরদিনের মত বহিষ্কার করলেন, তখন সে আল্লাহকে 'রব' হিসাবেই সম্বোধন করে প্রার্থনা করেছিল قَالَ رَبِّ فَأَنظِرْنِي إِلَى يَوْمٍ يُبْعَثُونَ - ‘সে বলল, হে আমার প্রভু! আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন’ (হিজর ১৫/৩৬; ছোয়াদ ৩৮/৭৯)। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। অতঃপর সে বলল, رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ - إلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ - ‘হে আমার প্রতিপালক! আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্যে প্রলুব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব’। 'তবে তাদের মধ্যে যারা আপনার একনিষ্ঠ বান্দা, তাদের ব্যতীত' (হিজর ১৫/৩৯-৪০; ছোয়াদ ৩৮/৮২-৮৩)।
إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ إِلَّا مَنِ اتَّبَعَكَ من الْغَاوِينَ ‘নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোন ক্ষমতা নেই। তবে বিপথগামীদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ব্যতীত’ (হিজর ১৫/৪২)।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, إِنَّ الشَّيْطَانَ يَجْرِى مِنَ الإِنْسَانِ مَجْرَى الدَّمِ ‘নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে তার রক্ত প্রবাহের ন্যায় বিচরণ করে থাকে’।⁶ আলেম, জাহিল, আবেদ, ধর্মনেতা, সমাজনেতা সকলকে শয়তান একইভাবে ধোঁকা দেয়। রাসূল (ছাঃ) এরশাদ করেন, مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ وُكِّلَ بِهِ قَرِينُهُ مِنَ الْجِنِّ وَقَرِينُهُ مِنَ الْمَلَائِكَةِ، قَالُوا : وَإِيَّاكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ : وَإِيَّايَ، وَلَكِنَّ اللَّهَ أَعَانَنِي عَلَيْهِ فَأَسْلَمَ، فَلَا يَأْمُرُنِي إِلَّا بِخَيْرٍ - ‘তোমাদের মধ্যে এমন কেউ নেই, যার সঙ্গে তার একজন জিন সহচর ও একজন ফেরেশতা সহচর নিযুক্ত করা হয়নি’। ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রাসূল! আপনার সাথেও কি? তিনি বললেন, হ্যাঁ আমার সাথেও। তবে আল্লাহ তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন। ফলে সে আমার অনুগত হয়ে গেছে। সে আমাকে ভাল ব্যতীত (মন্দ কাজের) আদেশ দেয় না’।⁷ অতএব মানুষ ও জিন দুশমন থেকে সাবধান!
টিকাঃ
৬. বুখারী হা/২০৩৫; মুসলিম হা/২১৭৪; মিশকাত হা/৬৮; রাবী হযরত ছাফিইয়াহ ও আনাস (রাঃ)।
৭. মুসলিম হা/২৮১৪; মিশকাত হা/৬৭; রাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)।
📄 পরীক্ষায় জিততে হবে
ইবলীস জান্নাত থেকে বহিষ্কৃত হ’লেও মানুষের বেশ ধরে অথবা মানুষের রগ-রেশায় ঢুকে ধোঁকা দেওয়ার ও তাকে বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ ইবলীসকে দিয়েছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য। অতএব শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখেরাতে জান্নাত লাভে ধন্য হবে। নইলে ইহকালে ও পরকালে সে ব্যর্থকাম হবে। যেমন আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً، وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ - فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ 'হে বিশ্বাসীগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর এবং শয়তানের পদাংক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন'। 'আর তোমাদের নিকট স্পষ্ট নিদর্শনাদি এসে যাওয়ার পরেও যদি তোমরা পদস্খলিত হও, তাহ'লে জেনে রেখ যে, আল্লাহ মহা পরাক্রান্ত ও প্রজ্ঞাময়' (বাক্বারাহ ২/২০৮-৯)। মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলীসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে, মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহ্ প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে (দ্র. নবীদের কাহিনী ১/১৮)।
বর্তমান পৃথিবীতে যাবতীয় অশান্তির মূলে রয়েছে আল্লাহকে ছেড়ে শয়তানের দাসত্ব। যেকারণে ভূপৃষ্ঠের সর্বত্র প্রতিনিয়ত হানাহানি-কাটাকাটির বিস্তার ঘটছে। আল্লাহ বলেন, ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ ‘স্থলভাগে ও সমুদ্রে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়ছে মানুষের কৃতকর্মের ফল হিসাবে। এর মাধ্যমে আল্লাহ তাদের কৃতকর্মের কিছু স্বাদ আস্বাদন করাতে চান, যাতে তারা (তওবা করে আল্লাহ্ পথে) ফিরে আসে' (রূম ৩০/৪১)। অতএব দুনিয়াতে বিপর্যয় ও অশান্তি থেকে বাঁচতে গেলে ও পরকালে জান্নাত পেতে চাইলে সার্বিক জীবনে আল্লাহ্ বিধান মেনে চলতে হবে এবং যে কোন মূল্যে শয়তানী ধোঁকার বিরুদ্ধে জিততে হবে।
📄 জীবনের সফরসূচী
জীবনের সফরসূচী:
মানব জীবনের সফরসূচী শুরু হয় আল্লাহ্র নিকট থেকে মায়ের গর্ভে আসার মধ্য দিয়ে। এটা হ'ল তার সফরের প্রথম মনযিল। এখানে সাধারণতঃ ৯ মাস ১০ দিন থাকার পর ভূমিষ্ট হয়ে সে দুনিয়াতে আসে। মায়ের গর্ভে থাকা অবস্থায় ১২০ দিনের মাথায় সেখানে তার তাক্বদীর লিখে দেওয়া হয়। তার 'আজাল' (আয়ুষ্কাল), 'আমল' (কর্ম তৎপরতা), 'রিযিক' এবং সে 'হতভাগ্য' (জাহান্নামী) হবে, না 'সৌভাগ্যবান' (জান্নাতী) হবে। অতঃপর তার দেহে রূহ ফুঁকে দেওয়া হয়'। যেভাবে ঔষধ প্রস্তুত শেষে প্যাকেটের উপর লিখে দেওয়া হয় তার মেয়াদ কাল, তার ক্রিয়া, ব্যবহারের নিয়মাবলী এবং তার ফলাফল। এটা হ'ল দ্বিতীয় মনযিল বা 'দারুদ্দুনিয়া'। এখানে সে কমবেশী ৭০ বছর অবস্থান করে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, أَعْمَارُ أُمَّتِي مَا بَيْنَ السَّتِّينَ إِلَى السَبْعِينَ، وَأَقَلُّهُمْ مَنْ يَجُوزُ ذَلِكَ - উম্মতের গড় আয়ু ষাট থেকে সত্তর বছরের মধ্যে হবে। খুব কম সংখ্যকই তা অতিক্রম করবে'।
মানুষের জীবন চারটি স্তরে বিভক্ত: (ক) শৈশবের দুর্বলতা (১-১৬ বছর)। (খ) যৌবনের শক্তিমত্তা (১৬-৪০ বছর)। (গ) প্রৌঢ়ত্বের পূর্ণতা (৪০-৬০ বছর) এবং (ঘ) বার্ধক্যের দুর্বলতা (৬০-৭০ বছর)। অতঃপর নির্দিষ্ট মেয়াদ শেষে মৃত্যু ও কবরে গমন।১০ এটা হ'ল তৃতীয় মনযিল বা 'দারুল বারযাখ' (মুমিনূন ২৩/১০০)। এখান থেকে তার আখেরাতের সফর শুরু হয়। যা শেষ হবে ক্বিয়ামতের দিন। কবর হবে তার জন্য জান্নাতের বিছানা অথবা জাহান্নামের অগ্নিসজ্জা'। ১১
টিকাঃ
৮. বুখারী হা/৬৫৯৪; মুসলিম হা/২৬৪৩; মিশকাত হা/৮২, রাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)।
৯. তিরমিযী হা/৩৫৫০; ইবনু মাজাহ হা/৪২৩৬; মিশকাত হা/৫২৮০, রাবী আবু হুরায়রা (রাঃ)।
১০. এজন্য ছবিসহ দেখুন ও বাড়ীতে টাঙিয়ে রাখুন, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ প্রকাশিত দেওয়ালপত্র: হে মানুষ! আল্লাহকে ভয় কর!! নিম্নে তোমার জীবনের সফরসূচী দেখে নাও!
১১. আবুদাউদ হা/৪৭৫৩; আহমাদ হা/১৮৫৫৭; মিশকাত হা/১৩১, রাবী বারা বিন 'আযেব (রাঃ)।