📄 পশ্চিম দিগন্তে সূর্যোদয়
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন লোকেরা তা দেখে সকলেই ঈমান আনবে। এ সম্পর্কেই মূলত বলা হয়েছে, তখন ওই ব্যক্তির ঈমান কাজে আসবে না ইতিপূর্বে যে ঈমান আনেনি কিংবা যে ব্যক্তি ঈমান এনেছে কিন্তু নেক আমল করেনি। কেয়ামত সংঘটিত হবে এমন অবস্থায় যে, দু-ব্যক্তি বেচাকেনার জন্য পরস্পরের সামনে কাপড় ছড়িয়ে রাখবে কিন্তু তারা বেচাকেনার সময় পাবে না। এমনকি তা ভাঁজ করারও সময় পাবে না, কেউ উষ্ট্রীর দুধ দোহন করে রওয়ানা হবে কিন্তু তা পান করার আর সুযোগ পাবে না, কেউ হাওজ সংস্কার করতে থাকবে কিন্তু সে তা থেকে পানি পান করানোর সময়ও পাবে না, কেউ তার মুখ পর্যন্ত লোকমা ওঠাবে, কিন্তু সে তা আর খাওয়ার সুযোগ পাবে না-এমন অকস্মাৎ অবস্থায় কেয়ামত সংঘটিত হবে।"
টিকাঃ
[৫২] সহিহ বুখারি, ৬৫০৬
📄 কবরজগৎ
ইবনে উমর রা. বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
إِذَا مَاتَ أَحَدُكُمْ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ غَدْوَةً وَعَشِيًّا إِمَّا النَّارُ وَإِمَّا الْجَنَّةُ فَيُقَالُ هَذَا مَقْعَدُكَ حَتَّى تُبْعَثَ إِلَيْهِ.
তোমাদের কারও মৃত্যু হলে, (কবরে) প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তার ঠিকানা-জান্নাত অথবা জাহান্নাম-তার সামনে পেশ করা হয়। আর বলা হয় যে, এই হলো তোমার ঠিকানা, তোমার পুনরুত্থান পর্যন্ত (এটা তোমার সামনে পেশ করা হতে থাকবে)।
টিকাঃ
[৫৩] সহিহ বুখারি, ৬৫১৫
📄 হাশরের মাঠের অবস্থা
হজরত আয়েশা রা. বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষকে হাশরের মাঠে ওঠানো হবে নগ্ন পদ, নগ্ন দেহ ও খতনাবিহীন অবস্থায়। আয়েশা রা. বলেন, আমি তখন বললাম, ইয়া রাসুলাল্লাহ! তাহলে কি পুরুষ ও নারীরা একে অপরের দিকে তাকাবে না? তিনি বলেন, সেদিনের অবস্থা এত ভয়ংকর হবে, কেউ তাকানোর ইচ্ছাও করবে না।
টিকাঃ
[৫৪] সহিহ বুখারি, ৬৫২৭
📄 ভালোবাসা
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কেয়ামতের দিন বলবেন,
أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلالِي الْيَوْمَ أُظِلُّهُمْ فِي ظِلِّي يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي. আমার মহত্ত্বের কারণে একে অপরের প্রতি ভালোবাসা স্থাপনকারীরা কোথায়? আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়ায় ছায়া প্রদান করব। আজ এমন দিন, যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই।
হজরত আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে বলে, কেয়ামত কখন সংঘটিত হবে? তিনি বলেন, তুমি কেয়ামতের জন্য কী জোগাড় করেছ? সে বলে, কোনোকিছুই জোগাড় করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলেন, তুমি তাদের সঙ্গেই থাকবে যাদেরকে তুমি ভালোবাসো। আনাস রা. বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ কথা শুনে আমরা এতটা আনন্দিত হয়েছি, অন্য কোনো কথায় ততটা আনন্দিত হইনি। আনাস রা. বলেন, আমি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসি এবং আবু বকর ও উমর রা.-কেও ভালোবাসি। আশা করি তাদেরকে ভালোবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারব। যদিও তাদের আমলের মতো আমল আমি করতে পারিনি।
উমর ইবনুল খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ، وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمُ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ، بِمَكَانِهِمْ مِنَ اللَّهِ تَعَالَى قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، تُخْبِرُنَا مَنْ هُمْ، قَالَ: هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ، وَلَا أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا، فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورُ، وَإِنَّهُمْ عَلَى نُورٍ لَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ، وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ وَقَرَأَ هَذِهِ الْآيَةَ أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.
নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মাঝে এমন কিছু লোক রয়েছে, যারা নবি নন এবং শহিদও নন। কেয়ামতের দিন মহান আল্লাহর দরবারে তাদের লাভ করা মর্যাদার কারণে নবিগণ ও শহিদগণ তাদের প্রতি ঈর্ষা করবেন। সাহাবিগণ বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমাদের অবহিত করুন, তারা কারা? তিনি বলেন, তারা ওইসব লোক যারা আল্লাহর টানে পরস্পরকে ভালোবাসে, অথচ তারা পরস্পর আত্মীয়ও নয় এবং পরস্পরকে সম্পদও দেয়নি। আল্লাহর শপথ! তাদের মুখমণ্ডল যেন নুর এবং তারা নুরের আসনে বসবে। তারা সে সময়ও ভীত হবে না, যখন মানুষজন সন্ত্রস্ত হয়ে যাবে। তারা দুশ্চিন্তায় পড়বে না, যখন মানুষজন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। এরপর তিনি তেলাওয়াত করেন,
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
'জেনে রাখো! আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না।' (সুরা ইউনুস, ৬২)
টিকাঃ
[৫৫] সহিহ মুসলিম, ২৫৬৬
[৫৬] সহিহ বুখারি, ৩৬৮৮