📄 ভয় ও আশা
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
لَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الْعُقُوبَةِ مَا طَمِعَ بِجَنَّتِهِ أَحَدٌ وَلَوْ يَعْلَمُ الْكَافِرُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ مَا قَنِطَ مِنْ جَنَّتِهِ أَحَدٌ.
আল্লাহর কাছে যে কী পরিমাণ শান্তি রয়েছে, ঈমানদারগণ যদি তা জানত তবে কারও জান্নাত পাওয়ার আশা থাকত না। এমনইভাবে আল্লাহর কাছে যে পরিমাণ দয়া আছে, কাফেররা যদি তা জানত তবে কেউ তার জান্নাত থেকে নিরাশ হতো না।
আনাস রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমূর্ষু অবস্থায় উপনীত এক যুবকের নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করেন, তোমার অবস্থা এখন কেমন? সে উত্তরে বলে, ইয়া রাসুলাল্লাহ! আমি আল্লাহর নিকট আশাবাদী তবে গুনাহের ব্যাপারে শঙ্কিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলেন,
لا يَجْتَمِعَانِ فِي قَلْبِ عَبْدٍ فِي مِثْلِ هَذَا الْمَوْطِنِ إِلَّا أَعْطَاهُ اللَّهُ مَا يَرْجُو وَآمَنَهُ مِمَّا يَخَافُ.
টিকাঃ
[৩৯] সহিহ বুখারি, ৬৪৭৭
[৪০] সহিহ মুসলিম, ৫
[৪১] সহিহ মুসলিম, ২৭৫৫
📄 নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ
আবু হুরাইরা রা. বলেন, একবার দিনেরবেলা কিংবা রাতেরবেলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হন। তখন নবিজি আবু বকর ও উমর রা.-কে দেখতে পান। তিনি দুজনকে জিজ্ঞেস করেন, এ সময় কী কারণে তোমরা ঘর থেকে বের হয়েছ? তারা বলেন, ইয়া রাসুলাল্লাহ! ক্ষুধার তাড়নায় বের হয়েছি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলেন, যে সত্তার হাতে আমার জীবন, তার কসম! তোমরা যে কারণে বের হয়েছ আমিও সে কারণে বের হয়েছি। এখন চলো। তারা উভয়ে তার সাথে চলতে লাগলেন। তিনি এক আনসারি সাহাবির ঘরে গেলেন। সে সাহাবি তখন বাড়িতে ছিলেন না। তার স্ত্রী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখে বলেন, মারহাবান ওয়া আহলান! রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞেস করেন, অমুক কোথায়? তার স্ত্রী উত্তরে বলে, তিনি আমাদের জন্য মিষ্ট পানি আনতে গেছেন।
তখনই সে আনসারি সাহাবি উপস্থিত হন। তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার দুই সাথিকে দেখতে পেয়ে বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। মেহমানের দিক থেকে আজ আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই। তারপর তিনি গিয়ে খেজুরের একটি ছড়া নিয়ে আসেন। তাতে কাঁচা, পাকা ও শুকনা খেজুর ছিল। তিনি বলেন, আপনারা এ ছড়া থেকে খান। এরপর তিনি ছুরি নিলেন (ছাগল জবাই করার জন্য)। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তাকে বলেন, সাবধান! দুধওয়ালা ছাগল জবাই করবে না। ছাগল জবাই করলে তারা তার গোশত ও কাঁদির খেজুর খেলেন এবং মিঠা পানি পান করেন। এভাবে তারা সকলে ক্ষুধা মিটান ও পরিতৃপ্ত হয়ে ওঠেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন আবু বকর ও উমর রা.-কে লক্ষ করে বললেন, যে সত্তার হাতে আমার প্রাণ তার কসম! কেয়ামতের দিন এ নেয়ামত সম্বন্ধে তোমরা জিজ্ঞাসিত হবে। ক্ষুধা তোমাদেরকে বাড়ি থেকে বের করে এনেছে আর তোমরা এ নেয়ামত লাভ করে ফিরে যাচ্ছ।
টিকাঃ
[৪২] সুনানে তিরমিজি, ৯৮৩
[৪৩] সহিহ মুসলিম, ২০৩৮
📄 যদি তোমরা কোনো গুনাহ না করতে
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ لَمْ تُذْنِبُوا لَذَهَبَ اللَّهُ بِكُمْ وَلَجَاءَ بِقَوْمٍ يُذْنِبُونَ فَيَسْتَغْفِرُونَ اللَّهَ فَيَغْفِرُ لَهُمْ.
যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ! তোমরা যদি গুনাহ না করতে তবে অবশ্যই আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে এমন সম্প্রদায় নিয়ে আসতেন যারা গুনাহ করে ক্ষমা চাইত এবং তিনি তাদের মাফ করে দিতেন。
টিকাঃ
[৪৪] সহিহ মুসলিম, ২৭৪৯
📄 খোদভীরুতা আঁকড়ে থাকা
আবু জর রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ وَأَتْبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحهَا وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ.
তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করবে, মন্দ কাজের পরপরই ভালো কাজ করবে, যা মন্দকে মিটিয়ে দেবে এবং মানুষের সাথে উত্তম আচরণ করবে。
টিকাঃ
[৪৫] সুনানে তিরমিজি, ১৯৮৭