📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মুনাফিকদের আলামত

📄 মুনাফিকদের আলামত


ওহাইব ইবনে কাইসান বলেন, হজরত আবদুল্লাহ ইবনে যুবায়ের রা. আমাকে উপদেশ প্রদান করে এক চিঠি লিখেছিলেন। চিঠিটি ছিল এমন :
পরসমাচার, মুত্তাকিদের রয়েছে এক বিশেষ নিদর্শন, যার মাধ্যমে তাদেরকে চেনা যায়। তা হলো, বিপদে ধৈর্যধারণ করা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করা এবং কুরআনের নির্দেশের সামনে মাথা নত করে দেওয়া।
শাসক হলেন বাজারের মতো। বাজারে যে জিনিসের চাহিদা বেশি হবে সেটাই চলবে। তেমনইভাবে শাসকের নিকট যদি হকের চাহিদা থাকে তাহলে আহলে হকের লোকেরা তার নিকট আসবে এবং সমাজে হকের প্রচলন ঘটবে। আর যদি তার নিকট বাতিলের চাহিদা থাকে তাহলে বাতিলপন্থিরা তার নিকট আসবে এবং সমাজে বাতিলেরই প্রচলন ঘটবে。

টিকাঃ
[৯৫০] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৩৩৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হজের মৌসুমে প্রদত্ত খুতবা

📄 হজের মৌসুমে প্রদত্ত খুতবা


মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ আস-সাকাফি বলেন, হজের মৌসুমে আবদুল্লাহ ইবনে যুবায়ের যে খুতবা প্রদান করেছিলেন আমি তাতে উপস্থিত ছিলাম। তিনি ইয়াউমুত তারবিয়ার একদিন আগে (৭ মুহাররম) ইহরাম পরিধান করে আসেন। অত্যন্ত চমৎকার করে তালবিয়া পাঠ করেন। এরপর আল্লাহর প্রশংসা এবং তার গুণকীর্তন করে বলেন, পরসমাচার, আল্লাহ তাআলার জন্যই আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে সমবেত হয়েছেন। তাই আপনারা হলেন আল্লাহর মেহমান। আল্লাহর জন্য উচিত, আপনাদের সম্মান করা। এখন শুনুন, যে ব্যক্তি আল্লাহর সাওয়াব পাওয়ার আশায় এখানে এসেছে আল্লাহ তাআলা তাকে নিরাশ করবেন না। যাতে খালি হাতে ফিরে না যেতে হয় সেজন্য আপনারা কাজের মাধ্যমে মুখের কথা বাস্তবায়ন করুন। কারণ সকল কথার মূল হলো কাজ। আর নিয়ত ঠিক করুন। অন্তরের অবস্থা সংশোধন করুন। এই দিনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করুন। এ সময় আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন।
আপনারা না কোনো ব্যবসাবাণিজ্যের উদ্দেশ্যে, না কোনো অর্থসম্পদের তালাশে আর না দুনিয়া লাভের জন্য এখানে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন। (বরং এসেছেন কেবল তার সন্তুষ্টির জন্য। তাই সেটাই তালাশ করুন।)
এরপর তিনি তালবিয়া পাঠ করেন। উপস্থিত সকলেই তালবিয়া পাঠ করে।
সেদিন তার এই ভাষণে এত অধিক পরিমাণ মানুষ কেঁদেছিল যে, আমি কখনো এই পরিমাণ মানুষকে কাঁদতে দেখিনি।

টিকাঃ
[৯৫১] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২৩৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00