📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কিতাব ও সুন্নাহ

📄 কিতাব ও সুন্নাহ


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, মূল বিষয় হলো আল্লাহর কিতাব এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ। এর বাইরে কেউ কিছু বললে সেটার ঠিকানা কোথায় হবে তা আমার জানা নেই। বিষয়টাকে সে পুণ্য কাজের আমলনামায় পাবে নাকি গুনাহের আমলনামায়, তা আল্লাহই ভালো জানেন。

টিকাঃ
[৯৪৫] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ২/৩২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পাঁচটি বৈশিষ্ট্য

📄 পাঁচটি বৈশিষ্ট্য


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, পাঁচটি বিষয় রয়েছে এমন, যা আল্লাহর রাস্তায় কোনো ঘোড়া ওয়াকফ করে দেওয়ার চেয়েও আমার কাছে অধিক প্রিয়।
১. অনর্থক বিষয়ে কথা বলবে না। কারণ বেশি বেশি কথা বললে মুখ থেকে মিথ্যা বের হওয়ার আশঙ্কা রয়েছে। আর প্রয়োজনের কথা বলতে গেলেও লক্ষ রাখতে হবে সুযোগের। কারণ প্রয়োজনের কথা তো অনেকেই বলে, কিন্তু তা বলে ফেলে অসময়ে। এতে উলটো তার ক্ষতিই হয়ে যায়।
২. সহনশীল ও নির্বোধের সাথে তর্ক করো না। কারণ সহনশীলের সহনশীলতা তোমাকে উত্তেজিত করে তুলবে আর নির্বোধের নির্বুদ্ধিতা তোমাকে কষ্টে ফেলে দেবে।
৩. কারও অনুপস্থিতিতে তার সেই বিষয়গুলোর কথা আলোচনা করবে, লোকেরা তোমার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা তুমি পছন্দ করে থাকো। আর তোমার যে বিষয়গুলো আলোচিত না হওয়া এবং লোকেরা যা বিস্মৃত হয়ে যাওয়াটা তুমি পছন্দ করো অন্যের সেসব বিষয়কেও তুমি বিস্মৃত হয়ে যাও, সেসবের আলোচনা করো না।
৪. মানুষ তোমার সাথে যেমন আচরণ করাটা তুমি পছন্দ করো, তোমার ভাইয়ের সাথেও তুমি তেমন আচরণ করো।
৫. এমন ব্যক্তির মতো কাজ করো যার জানা রয়েছে যে, ভালো কাজ করলে সে প্রতিদান পাবে আর কোনো ভুল ও অপরাধ করে ফেললে সেজন্য তাকে পাকড়াও করা হবে。

টিকাঃ
[৯৪৬] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/২৫৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অসিয়ত

📄 অসিয়ত


আমের শাবি থেকে বর্ণিত, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, আমার পিতা একদিন আমাকে বলেন, আমিরুল মুমিনিন তো তোমাকে ডেকে কাছে বসিয়ে থাকেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবিদের উপস্থিতিতে তোমার সাথে পরামর্শ করেন। তাই আমি তোমাকে তিনটি নির্দেশনা প্রদান করছি, তুমি সেগুলোর প্রতি লক্ষ রাখবে:
১. সবসময় আল্লাহ তাআলাকে ভয় করবে।
২. আমিরুল মুমিনিন যেন তোমার থেকে মিথ্যা কোনোকিছু না পান।
৩. তার কোনো গোপন বিষয় প্রকাশ করবে না। তার নিকট কারও গিবত করবে না।
আমের বলেন, আমি তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-কে বলি, এই প্রতিটি কথাই হাজার দিনারের চেয়ে উত্তম। ইবনে আব্বাস রা. বলেন, একেকটি কথা আমার নিকট ১০ হাজার দিনারের চেয়েও উত্তম।

টিকাঃ
[৯৪৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২২৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলম অর্জন করা

📄 ইলম অর্জন করা


হজরত আব্বাস রা. ছেলে আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-কে বলেন, হে বৎস, তিন উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করো না। মানুষকে দেখানোর জন্য, তা নিয়ে গর্ব করার জন্য এবং লোকদের সাথে বিতর্ক করার জন্য。

টিকাঃ
[৯৪৮] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৭০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00