📄 কান্না
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, কেবল আল্লাহর অনুগ্রহেই কারও চোখ বেয়ে অশ্রু ঝরতে পারে। আল্লাহ তাআলা যাদের হৃদয়ে করুণা ঢেলে দেন তাদের চোখ বেয়েই অশ্রু বইতে পারে。
টিকাঃ
[৯৪২] তানবিহুল গাফিলিন, পৃ. ৪১২
📄 যেভাবে ইলমের বিদায় ঘটে
হজরত যায়েদ ইবনে সাবিত রা.-এর মৃত্যু প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যদি কেউ দেখতে চায় যে, কীভাবে ইলমের বিদায় ঘটে তাহলে সে যেন যায়েদ ইবনে সাবিতের এই মৃত্যুকে দেখে নেয়।
তিনি আরও বলেন, এক এক করে আলেমদের মৃত্যু ঘটতে থাকবে এবং হকের নিদর্শন শেষ হতে থাকবে। এভাবে একপর্যায়ে জাহিলদের সংখ্যা বৃদ্ধি পাবে। যেহেতু আহলে ইলমদের বিদায় হয়ে যাবে, তাই লোকেরা নিজেদের অজ্ঞতা অনুযায়ী আমল করতে থাকবে। ভুল বিষয়সমূহ পালন করবে এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে。
টিকাঃ
[৯৪৩] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৮৭
📄 অর্থসম্পদের ভিত্তিতে বিচার করা
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, ওই ব্যক্তির ওপর অভিসম্পাত হোক যে ধনীদের সম্মান করে আর দরিদ্রদের অপমান করে。
টিকাঃ
[৯৪৪] তানবিহুল গাফিলিন, পৃ. ১৭৮
📄 কিতাব ও সুন্নাহ
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, মূল বিষয় হলো আল্লাহর কিতাব এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ। এর বাইরে কেউ কিছু বললে সেটার ঠিকানা কোথায় হবে তা আমার জানা নেই। বিষয়টাকে সে পুণ্য কাজের আমলনামায় পাবে নাকি গুনাহের আমলনামায়, তা আল্লাহই ভালো জানেন。
টিকাঃ
[৯৪৫] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ২/৩২