📄 জিহাদের চেয়েও উত্তম কাজ
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-কে জিহাদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি কি তোমাকে জিহাদের চেয়েও উত্তম কাজের সন্ধান দেবো না? তা হলো, মসজিদ নির্মাণ করে তাতে দ্বীনের ফরজ ও সুন্নত বিধান এবং মাসআলা-মাসায়েল শিক্ষা দেওয়া।
টিকাঃ
[৯২৫] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৩৮
📄 ছয়টি বিষয়ের অসিয়ত
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. এক ব্যক্তিকে ছয়টি বিষয়ের অসিয়ত করেন। তিনি বলেন, আমি তোমাকে ছয়টি ব্যাপারে অসিয়ত করছি,
১. আল্লাহ তাআলা তোমার যে-সকল বিষয় পূরণের দায়িত্ব গ্রহণ করেছেন তা পূরণ হওয়ার ব্যাপারে অন্তরে ইয়াকিন রাখা এবং পরকালের চিন্তাভাবনা করা।
২. সময়মতো ফরজ বিধান পালন করা।
৩. আল্লাহ তাআলার জিকিরে জিহ্বাকে রত রাখা।
৪. কখনো শয়তানের অনুগামী না হওয়া। কারণ সে মানুষের প্রতি হিংসুটে।
৫. পার্থিব কিছু নির্মাণ না করা। কারণ তা আখেরাতকে বরবাদ করে দেয়।
৬. সদা মুসলমানদের কল্যাণ কামনা করা。
টিকাঃ
[৯২৬] তানবিহুল গাফিলিন, পৃ. ১৪৫
📄 পৌঁছতে হবে আসল উদ্দেশ্য
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, শীঘ্রই এমন এক যুগ আসবে যখন মানুষের সকল চিন্তাভাবনা ঘুরপাক খাবে তার পেটকে ঘিরে। তখন নফসের চাহিদাই হবে তার দ্বীন-ধর্ম এবং জিহ্বা হবে তার তরবারি。
টিকাঃ
[৯২৭] তানবিহুল মুগতাররিন, পৃ. ৮৫
📄 হারাম থেকে বেঁচে থাকা
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, পেটে হারাম কিছু থাকলে আল্লাহ কোনো নামাজ কবুল করবেন না।
টিকাঃ
[৯২৮] তানবিহুল মুগতাররিন, পৃ. ৮৭