📄 তোমার দোষত্রুটি
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যদি কখনো ইচ্ছা হয় অন্যের ভুল ধরতে তাহলে আগে নিজের দোষত্রুটির কথা স্মরণ করো।
টিকাঃ
[৯২২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৩৬
📄 দান-সদকা যখন পূর্ণতা পায়
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, তিনটি বিষয় ব্যতীত দান-সদকা পূর্ণতা পেতে পারে না। এক. যা দান করার ইচ্ছা রয়েছে তা দ্রুত দান করা। দুই. যা দান করা হচ্ছে সেটাকে অতি সামান্য মনে করা। তিন. গোপনে দান করা।
টিকাঃ
[৯২৩] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৪০
📄 হালাল রিজিক খোঁজ করা
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, এক পাহাড়কে উঠিয়ে আরেক পাহাড় পর্যন্ত নিয়ে যাওয়ার চেয়েও কঠিন কাজ হলো, হালাল সম্পদ উপার্জন করা।
টিকাঃ
[৯২৪] প্রাগুক্ত, পৃ. ১৯৬
📄 জিহাদের চেয়েও উত্তম কাজ
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-কে জিহাদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি কি তোমাকে জিহাদের চেয়েও উত্তম কাজের সন্ধান দেবো না? তা হলো, মসজিদ নির্মাণ করে তাতে দ্বীনের ফরজ ও সুন্নত বিধান এবং মাসআলা-মাসায়েল শিক্ষা দেওয়া।
টিকাঃ
[৯২৫] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৩৮