📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলমের আলোচনা

📄 ইলমের আলোচনা


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, সারারাত জেগে ইবাদত-বন্দেগি করার চেয়ে আমার কাছে অধিক প্রিয় হলো, রাতের কিছু অংশ ইলমি আলোচনা-পর্যালোচনা করা।

টিকাঃ
[৯২০] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/১৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পথভ্রষ্টতার মিষ্টতা

📄 পথভ্রষ্টতার মিষ্টতা


ইবনে আব্বাস রা. বলেন, পথভ্রষ্ট মানুষেরা পথভ্রষ্টতার মধ্যে এক ধরনের মিষ্টতা অনুভব করে থাকে। আল্লাহ তাআলা বলেন,
وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهُوًا
তাদেরকে পরিত্যাগ করুন, যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুকরূপে গ্রহণ করেছে। (সুরা আনআম, ৭০)
আল্লাহ তাআলা আরও বলেন,
أَفَمَن زُيِّنَ لَهُ سُؤْ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا
তবে কি যার নিকট মন্দ কর্মকে শোভনীয় করে দেখানো হয় আর সে তাকে উত্তম মনে করে (সে কি সৎকর্মশীলদের সমান হতে পারে?)। (সুরা ফাতির, ৮)
এরপর তিনি বলেন, সাহাবায়ে কেরামের পর অতি আবশ্যক এবং প্রয়োজনীয় বিষয় ছাড়া যা-কিছুই উদ্ভব হয়েছে সেগুলো ক্রীড়া-কৌতুকের অন্তর্ভুক্ত।

টিকাঃ
[৯২১] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/১০৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তোমার দোষত্রুটি

📄 তোমার দোষত্রুটি


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যদি কখনো ইচ্ছা হয় অন্যের ভুল ধরতে তাহলে আগে নিজের দোষত্রুটির কথা স্মরণ করো।

টিকাঃ
[৯২২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৩৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দান-সদকা যখন পূর্ণতা পায়

📄 দান-সদকা যখন পূর্ণতা পায়


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, তিনটি বিষয় ব্যতীত দান-সদকা পূর্ণতা পেতে পারে না। এক. যা দান করার ইচ্ছা রয়েছে তা দ্রুত দান করা। দুই. যা দান করা হচ্ছে সেটাকে অতি সামান্য মনে করা। তিন. গোপনে দান করা।

টিকাঃ
[৯২৩] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৪০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00