📄 প্রজ্ঞা গ্রহণ করুন
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যেখান থেকেই শুনতে পাবেন অবশ্যই সেখান থেকে প্রজ্ঞা গ্রহণ করবেন। অনেক সময় ব্যক্তি হয়তো বিচক্ষণ হয় না কিন্তু তার মুখ থেকেও প্রজ্ঞাপূর্ণ কথা বের হতে পারে। তখন ব্যাপারটা দাঁড়াবে আনাড়ি তিরন্দাজের লক্ষ্য ভেদ করার মতো。
টিকাঃ
[৯১০] সিফাতুস সাফওয়া, ১/৩৮৪
📄 আমার জানা নেই
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, 'আমার জানা নেই' কথাটা যখন কোনো আলেম বলা বাদ দিয়ে দেয় তখন সে শত্রুর লক্ষ্যে পরিণত হয়ে যায়।
টিকাঃ
[৯১১] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ১/৩৯৮
📄 সর্বোত্তম ইলম
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, ইলমের ধরন এত বেশি যে, কেউ গণনা করেও তা শেষ করতে পারবে না। তাই সর্বোত্তম বিষয়গুলো আপনারা শিখুন。
টিকাঃ
[৯১২] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১২৭
📄 ফরজ বিধিবিধান আদায় করা
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, তুমি অবশ্যই ফরজ বিধিবিধান আদায় করবে আর আল্লাহ তাআলা তোমার ওপর যে-সকল হক ধার্য করেছেন তা পালন করবে। এজন্য আল্লাহর সাহায্য কামনা করবে। কারণ কোনো কল্যাণকাজের প্রতি তিনি যদি কারও প্রকৃত সত্য মানসিকতা ও আগ্রহ লক্ষ করেন, তাহলে তার বিপদ-আপদ এবং তার অপছন্দনীয় বিষয়গুলো দূর করে দেন। তিনি তো হলেন, একচ্ছত্র অধিপতি, যা ইচ্ছা করে থাকেন।
টিকাঃ
[৯১৩] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২৩০