📄 রিজিকের ওপর ধৈর্যধারণ করা
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, মুমিন ও গুনাহগার নির্বিশেষে আল্লাহ তাআলা প্রত্যেকের জন্যই হালাল রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। ওই রিজিক আসা পর্যন্ত যদি সে ধৈর্যধারণ করে তাহলে আল্লাহ তাআলা নিজে তার নিকট ওই রিজিক এনে দেন। আর যদি সে অধৈর্য হয়ে হারাম কিছু গ্রহণ করে ফেলে, তাহলে আল্লাহ তাআলার নির্ধারিত হালাল রিজিক থেকে সেই অংশটি কেটে নেন।
টিকাঃ
[৯০২] হিলয়াতুল আউলিয়া, ১/৩২৬
📄 দিনার-দিরহাম
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, প্রথম যখন দিনার-দিরহাম (মুদ্রা) তৈরি করা হয় তখন শয়তান একে তার দুচোখের ওপর রেখে বলে, তুমি হলে আমার অন্তরের ফসল, চক্ষু শীতলকারী বস্তু। তোমার মাধ্যমে আমি মানুষকে পথভ্রষ্ট করব, তোমার মাধ্যমে আমি তাদেরকে কাফের বানিয়ে দেবো, তোমার মাধ্যমে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বনি আদম দুনিয়াকে ভালোবাসার জন্য আমি এতেই সন্তুষ্ট যে, তারা তোমার বন্দেগি করবে。
টিকাঃ
[৯০৩] সিফাতুস সাফওয়া, ১/৩৮৪
📄 যারা মানুষ ছিল তারা তো বিদায় নিয়ে চলে গেছেন
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যারা মানুষ ছিল তারা তো বিদায় নিয়ে চলে গেছে, এখন বাকি আছে নাসনাস। তাকে জিজ্ঞেস করা হলো, নাসনাস কাকে বলে? তিনি বলেন, তারা হলো সেই সকল লোক যারা মানুষ নয় কিন্তু মানুষের সুরত ধরে。
টিকাঃ
[৯০৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২৩১
📄 হঠাৎ প্রবেশের ফলে তৈরি হওয়া অস্বস্তিবোধ দূর করতে করণীয়
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যে-কারও নিকট প্রবেশ করলে এতে সে এক ধরনের অস্বস্তিবোধ করে। সালামের মাধ্যমে তোমরা তার সেই অস্বস্তিভাব দূর করে দাও。
টিকাঃ
[৯০৫] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/৯১