📄 মুসলমানদের বিষয়াদির প্রতি গুরুত্বারোপ
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, কুরআন কারিমের বিভিন্ন আয়াত তেলাওয়াত করার সময় আমার মনে হয়, আমি এই আয়াত থেকে যা বুঝি যদি সকলেই তা বুঝতে পারত এবং জানতে পারত!
আমি যখন কোনো মুসলমান শাসক সম্পর্কে শুনতে পাই, তিনি ন্যায়পরায়ণ, তখন আমি অনেক বেশি আনন্দিত হয়ে উঠি। যদিও তার নিকট কোনো মামলা-মোকদ্দমা নিয়ে আমার যাওয়ার প্রয়োজন হবে না।
আমি যখন শুনি মুসলিম ভূখণ্ডের কোথাও বৃষ্টিপাত হয়েছে, তখন আমি আনন্দিত হয়ে উঠি, যদিও সেখানে আমার কোনো চারণভূমি নাও থাকে。
টিকাঃ
[৮৯৮] হিলয়াতুল আউলিয়া, ১/৩২২
📄 মানুষের সাথে উত্তম কথা বলুন
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যদি ফেরাউনও আমাকে বলে, আল্লাহ তোমার ওপর বরকত নাজিল করুন, তাহলে আমি তার উত্তরে বলব, তোমার ওপরও。
টিকাঃ
[৮৯৯] হিলয়াতুল আউলিয়া, ১/৩২২
📄 হে গুনাহগার
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, ওহে গুনাহগার, গুনাহের মন্দ পরিণামের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে বসে থেকো না। কারণ এই গুনাহ আরও মন্দ কোনো গুনাহকে টেনে আনতে পারে। যেমন গুনাহ করার সময় যদি তোমার ডানে-বামে নিযুক্ত ফেরেশতাদের প্রতি লজ্জাবোধ না হয় তাহলে এটা তোমার কৃত গুনাহের চেয়েও মারাত্মক ব্যাপার।
তোমার ব্যাপারে আল্লাহ তাআলা কী করবেন তা যখন জানা নেই তা সত্ত্বেও নিশ্চিন্ত মনে হাসাটা গুনাহের চেয়েও মারাত্মক ব্যাপার।
গুনাহ করে আনন্দবোধ করাটা গুনাহের চেয়েও মারাত্মক ব্যাপার।
কোনো গুনাহ করতে না পারায় সেজন্য দুঃখবোধ করাটা গুনাহের চেয়েও মারাত্মক।
যখন তুমি গুনাহ করে থাকো, তখন বাতাসের কারণে ঘরের পর্দা উঠে যায় কি না সে আশঙ্কা হয় তোমার, কিন্তু আল্লাহ তাআলা যে তোমাকে দেখছেন সে কারণে তোমার মনে কোনো ভয় তৈরি হয় না, এটা তো গুনাহের চেয়েও মারাত্মক।
টিকাঃ
[৯০০] সিফাতুস সাফওয়া, ১/৩৮৩
📄 প্রবৃত্তি মানুষের মাবুদ হয়ে যায় যখন
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, প্রবৃত্তিই অনেকের মাবুদ। তারা প্রবৃত্তির দাসত্ব করে থাকে। তারপর তিনি তেলাওয়াত করেন,
أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَى عِلْمٍ আপনি কি তার প্রতি লক্ষ করেছেন, যে তার খেয়ালখুশিকে স্বীয় উপাস্য স্থির করেছে? আল্লাহ জেনেশুনে তাকে পথভ্রষ্ট করেছেন। (সুরা জাসিয়া, ২৩)
টিকাঃ
[৯০১] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ১/২৩৫