📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আজকে আমি যে অবস্থায় সকাল করেছি

📄 আজকে আমি যে অবস্থায় সকাল করেছি


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. একবার হজরত আমর ইবনুল আস রা.-কে জিজ্ঞেস করেন, হে আবু আবদুল্লাহ, আজকের সকালটা কীভাবে অতিবাহিত করলেন? হজরত আমর ইবনুল আস রা. উত্তরে বলেন, আমি এমন অবস্থায় সকাল করেছি যে, দ্বীন-ধর্মের অনেককিছুই খুইয়ে বসেছি আর দুনিয়ার খুব সামান্যই সংশোধন করতে পেরেছি। আমি দুনিয়ার যতটুকু সংশোধন করেছি যদি সে পরিমাণ দ্বীন-ধর্ম খোয়া যেত আর যে পরিমাণ দ্বীন-ধর্ম খুইয়ে বসেছি যদি সে পরিমাণ দুনিয়াকে সংশোধন করতে পারতাম তাহলে আমি সফলকাম হয়ে যেতাম। আফসোস! যদি কোনোকিছু তালাশ করাটা আমার জন্য উপকারী হতো তাহলে আমি সেটাই তালাশ করতে থাকতাম আর যদি পলায়ন করাটা আমাকে মুক্তি দিত, তাহলে আমি এখনই পলায়ন করতাম। এভাবে আমি এক পাগলের মতো আকাশ জমিনের মাঝে ঘুরতে থাকতাম। হাত দিয়ে আকাশেও চড়তে পারতাম না আর পালিয়ে জমিনেও নেমে আসতে পারতাম না। এভাবে থাকাটাই হয়তো আমার জন্য ভালো হতো।
তাই, হে ইবনে আব্বাস! আমাকে এমন কিছু উপদেশ প্রদান করুন যা আমাকে উপকার করবে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, আফসোস, আপনার ভাতিজা তো আপনার মতোই গুনাহের বোঝা মাথায় করে ঘুরছে।

টিকাঃ
[৮৬৭] হিলয়াতুল আউলিয়া, ৯/১২০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমরা তো ভালো-মন্দ সব ধরনের কাজে জড়িয়ে পড়েছি

📄 আমরা তো ভালো-মন্দ সব ধরনের কাজে জড়িয়ে পড়েছি


ইবনে উমামা একবার হজরত আমর ইবনুল আস রা.-এর নিকট আসেন। আমর ইবনুল আস রা. সেদিন রোজা রেখেছিলেন। একসময় খাবার পরিবেশন করা হয়। রোজা রাখায় তিনি তা গ্রহণ করেননি। উপস্থিত লোকজন আহার করে। তিনি এ সময় অত্যন্ত একাগ্রতার সাথে নামাজ আদায় করেন। এরপর তার নিকট অর্থসম্পদ নিয়ে আসা হয়। তিনি বলেন, এই সম্পদ অমুককে দাও, এগুলো অমুককে দাও। এভাবে তিনি সবগুলো বণ্টন করে দেন।
ইবনে উমামা বলেন, আমি তখন বললাম, আপনি এত একাগ্রতার সাথে নামাজ আদায় করলেন, নিজের পক্ষ থেকে লোকদের খাবারের ব্যবস্থা করলেন, আপনার নিকট যে অর্থসম্পদ এসেছিল নিজে তা গ্রহণ করার অধিকার রাখা সত্ত্বেও তা অন্যদের দিয়ে দিলেন, বলুন, এতকিছু কেন করলেন আপনি?
হজরত আমর ইবনুল আস রা. তখন বলেন, ইবনে উমামা, তোমার অমঙ্গল হোক! যখন আমরা দ্বীনের সাথে দুনিয়া পেয়ে যাই তখন আমরা উভয়টিই গ্রহণ করি আর যখন দুইটা ভিন্ন ভিন্ন হয়ে যায়, তখন আমরা দুনিয়া ছেড়ে দিয়ে কেবল দ্বীন গ্রহণ করে থাকি। তুমি যা দেখলে সেটা এমনই ছিল। আমরা তো ভালো-মন্দ সব ধরনের কাজে জড়িয়ে পড়েছি।
আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করুন।

টিকাঃ
[৮৬৮] হিলয়াতুল আউলিয়া, ৯/১২১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00