📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যুই মানুষকে পাহারা দিয়ে রাখে

📄 মৃত্যুই মানুষকে পাহারা দিয়ে রাখে


হজরত আমর ইবনুল আস রা. মৃত্যুশয্যায় উপনীত হয়ে একান্ত রক্ষীকে ডেকে জিজ্ঞেস করেন, তোমরা আমাকে কেমন পেয়েছিলে? তারা বলে, আপনি ছিলেন আমাদের সত্যিকারের এক প্রিয় মানুষ। আমাদের আপনি সম্মান করতেন। দান-দক্ষিণা করতেন। আরও অনেক কিছু করতেন। তিনি তখন বলেন, আমি তো এসব করতাম যেন তোমরা আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারো, কিন্তু এখন তো ঠিকই মৃত্যু চলে এসেছে, তোমরা একে তাড়িয়ে দাও! তখন তারা পরস্পরে চাওয়াচাওয়ি করতে থাকে। এরপর তারা বলে, আল্লাহর শপথ, হে আবু আবদুল্লাহ! আমরা ধারণাও করতে পারিনি আপনি এ ধরনের কিছু আমাদের বলবেন। আপনি তো ভালো করেই জানেন, আমরা কিছুতেই আপনার মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারব না। তিনি তখন বলেন, আমি ভালোভাবে সেটা জানি এবং জেনেই তোমাদেরকে বলেছি। বলেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তোমাদেরকে আমার মৃত্যু রোধ করার জন্য আমি কেন গ্রহণ করতে যাব? আবু তালিবের পুত্র আলি রা. কতই-না উত্তম বলেছেন যে, মৃত্যু মানুষকে বিপদ-আপদ থেকে পাহারা দিয়ে রাখে। এরপর তিনি বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থনা করছি। কেবল আপনিই ক্ষমা করতে পারেন। আপনার নিকট সাহায্য চাচ্ছি, কেবল আপনিই সাহায্য করতে পারেন। যদি আপনি আমার প্রতি অনুগ্রহ না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব।

টিকাঃ
[৮৫৮] সিয়ারু আলামিন নুবালা, ৩/৭৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পরকালের পথে

📄 পরকালের পথে


হজরত আমর ইবনুল আস রা. মৃত্যুশয্যায় উপনীত হয়ে বলেন, আমাদের নিকট সর্বোত্তম বিষয় ছিল এই কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ হলেন আল্লাহর রাসুল।
জেনে রাখো, আমার জীবনের তিনটি অধ্যায় রয়েছে। তা হলো, একটা সময় আমার এমন গিয়েছে যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে অন্য কেউ আমার নিকট অধিক ঘৃণার পাত্র ছিল না। তখন আমার নিকট সবচেয়ে প্রিয় বিষয় ছিল তাকে হত্যা করা। যদি সে অবস্থায় আমার মৃত্যু হয়ে যেত তাহলে আমি আজ জাহান্নামি হতাম। এরপর আল্লাহ তাআলা যখন আমাকে ইসলাম দান করলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই আমার চোখে অধিক প্রিয় হয়ে গেলেন। তখন আমার দুচোখভরে তার জন্য কেবল শ্রদ্ধা এবং সম্মানই ছিল, যদি সে অবস্থায় আমি মারা যেতাম তাহলে আশা করি আমি হতাম একজন জান্নাতি মানুষ।
কিন্তু এরপর আমি অনেক কাজে জড়িয়ে পড়েছি, জানা নেই সেগুলোয় আমি কেমন ছিলাম। তাই যখন আমি মারা যাব তখন যেন কোনো বিলাপকারী দল বা কোনো আগুন আমার সাথে না যায়। আমাকে দাফনের সময় তোমরা ভালোভাবে মাটিচাপা দেবে, তারপর আমার কবরের পাশেই এ পরিমাণ সময় অপেক্ষা করবে যতটুকু সময়ে একটি উট জবাই করে তার গোশত বণ্টন করা যায়। এতে আমি তোমাদের মাধ্যমে এক ধরনের স্বস্তিবোধ করব এবং দেখব যে, আমার রবের পাঠানো ফেরেশতাদের উত্তরে আমি কী বলতে পারি।
আল-ইকদুল ফারিদ কিতাবে এসেছে, হজরত আমর ইবনুল আস রা. মৃত্যুশয্যায় উপনীত হয়ে সন্তানদের একত্র করে বলেন, হে আমার সন্তানরা, জেনে রাখো, তোমরা আল্লাহর সিদ্ধান্তের ক্ষেত্রে আমার কোনো উপকার করতে পারবে না। তারা বলল, আব্বাজান, এটা তো মৃত্যু! অন্যকিছু হলে আমরা নিজেদের জীবন দিয়ে হলেও আপনাকে রক্ষা করতাম। তিনি বলেন, তোমরা আমাকে বসিয়ে দাও। তারা তাকে হেলান দিয়ে বসিয়ে দিলে তিনি বলেন, হে আল্লাহ, আপনি আমাকে আদেশ করেছিলেন কিন্তু আমি তা বাস্তবায়ন করতে পারিনি। আমাকে নিষেধ করেছেন কিন্তু আমি নিষেধাজ্ঞা পালন করিনি। হে আল্লাহ! আমি শক্তিশালী নই, বরং দুর্বল, তাই আপনার নিকট সাহায্য চাচ্ছি। আমি নির্দোষ নই; বরং দোষী, তাই আপনার নিকট ক্ষমা চাচ্ছি। আমি অহংকারী নই; বরং ক্ষমাপ্রার্থী, তাই আপনার নিকট আমি ক্ষমা চাচ্ছি এবং তাওবা করছি। আপনি ব্যতীত কোনো ইলাহ নেই। আপনি পবিত্র, নিশ্চয়ই আমি একজন জালেম।
তিনি এ কথাগুলো বারবার বলতে বলতে পরপারে পাড়ি জমান।

টিকাঃ
[৮৫৯] সহিহ মুসলিম, ১২১
[৮৬০] আল-ইকদুল ফারিদ, ৩/১৯৫-১৯৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কিন্তু এ বিষয়ে আমি বিরক্ত করি না

📄 কিন্তু এ বিষয়ে আমি বিরক্ত করি না


হজরত আমর ইবনুল আস রা. বলেন, তিনটি বিষয়কে আমি বিরক্ত করতে চাই না। তা হলো, ১. আমার এমন সাথি যে আমার কথা বোঝে না। ২. আমার কাপড় যা আমার শরীর ঢাকতে পারে না। ৩. আমার এমন বাহন যা আমাকে বহন করে না।

টিকাঃ
[৮৬১] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/৩৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইনসাফ হলো কোনো জনপদ গড়ে ওঠার মূল বিষয়

📄 ইনসাফ হলো কোনো জনপদ গড়ে ওঠার মূল বিষয়


আমর ইবনুল আস রা. বলেন, জনগণের সমর্থন ছাড়া কেউ শাসক হতে পারে না আর অর্থসম্পদ ছাড়া জনগণের সমর্থন পাওয়া যায় না। জনপদ ছাড়া অর্থসম্পদের জোগান হতে পারে না আর ইনসাফ প্রতিষ্ঠা ছাড়া জনপদ গড়ে উঠতে পারে না।

টিকাঃ
[৮৬৩] আল-ইকদুল ফারিদ, ১/৪৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00