📄 মসজিদের কাকফাটা করা
আবু হুরাইরা রা. বলেন, যখন তোমরা মসজিদগুলো সুসজ্জিত করে তুলবে, কুরআন কারিমকে অলংকৃত করবে আর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে এগুলো নিয়ে পড়ে থাকবে, জেনে রাখো, তখন তোমাদের ধ্বংস অনিবার্য。
টিকাঃ
[৮৪৮] হিলয়াতুল আউলিয়া, ১/৩৮৩
📄 পথের দূরত্ব অনেক বেশি কিন্তু পাথেয় অতি সামান্য
আবু হুরাইরা রা. মৃত্যুশয্যায় উপনীত হয়ে কান্না করতে থাকেন। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কেন কাঁদছেন? তিনি উত্তরে বলেন, আমি তো তোমাদের এই দুনিয়ার জন্য কান্না করছি না, বরং কান্না করছি এ চিন্তা করে যে, আমার সামনে রয়েছে সুদীর্ঘ পথের দূরত্ব কিন্তু পাথেয় আমার অতি স্বল্প। আর প্রতিদিন সকালে উঠে আমি আবিষ্কার করছি নিজেকে এমন এক সিঁড়িতে, যা নেমে গেছে জান্নাত ও জাহান্নামের দিকে। কিন্তু আমি জানি না আমাকে এ সিঁড়ি দিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে, জান্নাতে নাকি জাহান্নামে。
টিকাঃ
[৮৪৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২৫৩
📄 নফস তোমাদের ধোঁকা দিচ্ছে
আবু হুরাইরা রা. বলেন, লোকসকল, জেনে রাখো, নফসই তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। তোমরা এমন এমন বিষয়ের আশা করছ যা অর্জন করতে পারবে না। এত এত সম্পদ জমা করে যাচ্ছ, যা তোমরা ভোগ করতে পারবে না। এমন সকল বাড়িঘর নির্মাণ করছ, যাতে তোমরা বসবাস করতে পারবে না。
টিকাঃ
[৮৫০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২২১
📄 ময়লা ও ব্যথা
আবু হুরাইরা রা. বলেন, আপনাদের অবস্থা তো এমন যে, অন্যের চোখে পড়া ময়লা দেখে নিজের চোখের ব্যথা ভুলে যান。
টিকাঃ
[৮৫১] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২২২