📄 দুই শয়তানের কথোপকথন
আবু হুরাইরা রা. বলেন, একবার মুমিনের ওপর নিয়োজিত শয়তান এবং কাফেরের পেছনে নিয়োজিত শয়তানের সাক্ষাৎ হয়। দেখা যায় কাফেরের পেছনে নিয়োজিত শয়তান দেহের দিক থেকে ভালো ও স্বাস্থ্যবান হয়ে আছে আর কাপড়েও অনেক পরিপাটি, কিন্তু মুমিনের ওপর নিয়োজিত শয়তান ছিল শীর্ণকায়। তার চুলগুলো ছিল উশকোখুশকো, কাপড়েও ছিল একেবারে নিম্নমানের।
এই অবস্থা দেখে কাফেরের ওপর নিয়োজিত শয়তান মুমিনের ওপর নিয়োজিত শয়তানকে বলল, কী হলো তোমার, তোমার এমন দুরবস্থা কেন?
মুমিনের ওপর নিয়োজিত শয়তান বলে, আমি এমন এক ব্যক্তির ওপর নিয়োজিত যে খাবারের সময় আল্লাহর নাম নেয়, তাই আমি তার সাথে আর খেতে পারি না, আমাকে ক্ষুধার্ত থাকতে হয়। আর যখন পান করে তখনও আল্লাহর নামে পান করে, তাই আমাকে তৃষ্ণার্ত থাকতে হয়। যখন সে পোশাক-আশাক পরে তখন আল্লাহর নাম নেয়, তাই আমাকে কাপড়চোপড় ছাড়া থাকতে হয়। আর যখন সে চুলে তেল দেয় তখন আল্লাহর নাম নেয়। তাই আমি আর চুল পরিপাটি করতে পারি না।
তখন কাফেরের ওপর নিয়োজিত শয়তান বলে, কিন্তু আমি এমন এক লোকের সাথে থাকি যে এসবের কিছুই করে না। তাই আমি পানাহার, পোশাক-আশাক ও পরিচ্ছদে তার সাথে ভাগ বসাই。
টিকাঃ
[৮৩৯] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/১৫৫
📄 সুবর্ণ সুযোগ
আবু হুরাইরা রা. বলেন, আমি কি আপনাদেরকে সুবর্ণ সুযোগের সন্ধান দেবো না? তিনি বলেন, সুবর্ণ সুযোগ হলো শীতকালে রোজা রাখা。
টিকাঃ
[৮৪০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২২১
📄 পেটের বিপদ
ফারকাদ সাবখি বলেন, হজরত আবু হুরাইরা রা. বাইতুল্লাহ তাওয়াফ করার সময় বলতেন, দুর্ভোগ হোক আমার পেটের, তাকে পরিতৃপ্ত রাখলে অতিভোজনে তা নষ্ট হয়ে যায় আর ক্ষুধার্ত রাখলে সে আমাকে গালিগালাজ করতে থাকে。
টিকাঃ
[৮৪১] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ.২২২
📄 তাকওয়া
এক ব্যক্তি হজরত আবু হুরাইরা রা.-কে বলে, তাকওয়া কাকে বলে? তিনি বলেন, তুমি কি কখনো কাঁটাগুল্মে ভরা কোনো রাস্তায় পথ চলেছ? সে বলে, হ্যাঁ। তিনি বলেন, তখন তুমি কীভাবে পথ অতিক্রম করেছ? সে বলে, যেখানে কাঁটা দেখেছি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি বা তা এড়িয়ে গেছি কিংবা নিজেকে সংকুচিত করে নিয়েছি। আবু হুরাইরা রা. তখন বলেন, এটাই হলো তাকওয়া। গুনাহ থেকে আমাদেরকে এভাবেই নিজেদেরকে সরিয়ে আনতে হবে。
টিকাঃ
[৮৪২] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৯৬৩