📄 মৃত্যুর আকাঙ্ক্ষা
আবু সালামা বলেন, যখন হজরত আবু হুরাইরা রা. অসুস্থ হয়ে পড়েন তখন আমি তাকে দেখতে যাই। আমি গিয়ে বললাম, ইয়া আল্লাহ! আপনি আবু হুরাইরাকে সুস্থ করে তুলুন। তিনি তখন বলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে আর সুস্থ করবেন না। তিনি এরপর বলেন, হে আবু সালামা, অচিরেই এমন এক যুগ আসবে যখন স্বর্ণের চেয়ে মৃত্যুই মানুষের বেশি প্রিয় হবে。
টিকাঃ
[৮৩৫] হিলয়াতুল আউলিয়া, ১/৩৮৪
📄 বিক্ষিপ্ত বাস্তবতা
এক লোক মদিনায় বাড়ি নির্মাণ করে। নির্মাণকাজ যখন শেষ হয়ে আসে তখন হজরত আবু হুরাইরা রা. বাড়িটির পাশ দিয়ে পথ অতিক্রম করেন। সে সময় বাড়ির মালিক গেইটে দাঁড়িয়ে ছিল। হজরত আবু হুরাইরা রা.-কে দেখতে পেয়ে বলে, হে আবু হুরাইরা, একটু দাঁড়ান, আমাকে বলুন তো বাড়িটার প্রধান ফটকে কী লিখতে পারি? তিনি বলেন, তুমি লিখবে, ধ্বংসের জন্যই নির্মাণ করো, সন্তান হারানোর জন্য তাকে জন্ম দাও এবং উত্তরাধিকারদের জন্য সম্পদ জমা করো।'
টিকাঃ
[৮৩৬] হিলয়াতুল আউলিয়া, ১/৩৮৫
📄 আল্লাহর মজলিসের সদস্য
আবু হুরাইরা রা. বলেন, আজকের খোদাভীরু ও দুনিয়াবিমুখরাই হবে আগামীকাল আল্লাহর মজলিসের সদস্য。
টিকাঃ
[৮৩৭] আর-রিসালাতুল কুশাইরিয়া, ১১২
📄 মুমিনের মর্যাদা
আবু হুরাইরা রা. বলেন, আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতাদের চেয়ে একজন মুমিনের মর্যাদা আল্লাহর নিকট অধিক。
টিকাঃ
[৮৩৮] তানবিহুল মুগতাররিন, পৃ. ৪৪