📄 ইবলিস তো এখনো জীবিত আছে
আবু হুরাইরা রা. সিজদায় গিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করতেন, যেন কখনো তিনি ব্যভিচার, চুরি, কুফরি কিংবা কবিরা গুনাহে লিপ্ত না হয়ে পড়েন। এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, আপনি কেন এসব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেন, আপনার কি আশঙ্কা হয় যে, এসবে আপনি জড়িয়ে পড়বেন? তিনি উত্তরে বলেন, ইবলিস যখন জীবিত আছে তখন আমি কী করে নিজের ব্যাপারে নিশ্চিন্তবোধ করতে পারি? আর আল্লাহ তাআলা তো রয়েছেনই, যিনি যেদিকে খুশি সেদিকেই বান্দার অন্তর ঘুরিয়ে দেন。
টিকাঃ
[৮৩২] আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৮/১২০
📄 পাপাচারীর নেয়ামতের প্রতি ঈর্ষা
আবু হুরাইরা রা. বলেন, পাপাচারী যদি কোনো নেয়ামত লাভ করে তাহলে সে নেয়ামতের প্রতি তুমি কখনো ঈর্ষাবোধ করো না। কারণ তাকে প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে এক অনুসন্ধানকারী, যার নাম হলো জাহান্নাম।
جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا
জাহান্নাম, যখনই তার আগুন নির্বাপিত হওয়ার উপক্রম হবে তখনই আমি তা বাড়িয়ে দেবো। (সুরা বনি ইসরাইল, ৯৭)
টিকাঃ
[৮৩৩] আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৮/১১৯
📄 যখন আপনারা ছয়টি বিষয় ঘটতে দেখবেন
আবু হুরাইরা রা. বলেন, যখন তোমরা ছয়টি বিষয় সংঘটিত হতে দেখবে তখন মৃত্যু কামনা করতে থাকো। বিষয় ছয়টি সংঘটিত হওয়ার আশঙ্কায় আমি এখন মৃত্যু কামনা করছি। বিষয়গুলো হলো,
১. নির্বোধ লোকদের রাষ্ট্রপরিচালনা। ২. টাকার বিনিময়ে বিচারকের ফয়সালা কিনে নেওয়া। ৩. অন্যায়ভাবে রক্তপাত করা। ৪. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ৫. অর্থের বিনিময়ে প্রশাসনিক পদপদবি লাভ। ৬. আর এমন এক শ্রেণির উদ্ভব ঘটা যারা কুরআন কারিমকে বাঁশি বানিয়ে নেবে。
টিকাঃ
[৮৩৪] হিলয়াতুল আউলিয়া, ১/৩৮৪
📄 মৃত্যুর আকাঙ্ক্ষা
আবু সালামা বলেন, যখন হজরত আবু হুরাইরা রা. অসুস্থ হয়ে পড়েন তখন আমি তাকে দেখতে যাই। আমি গিয়ে বললাম, ইয়া আল্লাহ! আপনি আবু হুরাইরাকে সুস্থ করে তুলুন। তিনি তখন বলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে আর সুস্থ করবেন না। তিনি এরপর বলেন, হে আবু সালামা, অচিরেই এমন এক যুগ আসবে যখন স্বর্ণের চেয়ে মৃত্যুই মানুষের বেশি প্রিয় হবে。
টিকাঃ
[৮৩৫] হিলয়াতুল আউলিয়া, ১/৩৮৪