📄 কঠোর হিসাব
আবু দারদা রা. বলেন, দুর্ভোগ এমন লোভীর জন্য যে ভূরিভূরি সম্পদ সঞ্চয় করে। যারা মানুষের অর্থসম্পদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। দেখলে মনে হয় যেন সে কোনো পাগল। তার দৃষ্টি কেবল মানুষের অর্থসম্পদের প্রতি নিবদ্ধ থাকে। আল্লাহ তাআলার নিকট যা বরাদ্দ রয়েছে তার দিকে কখনো তার নজর যায় না। সে পারলে রাতদিন এক করে দুনিয়ার পেছনে ছুটে বেড়ায়। দুর্ভোগ তার জন্য! তার জন্য অপেক্ষা করছে কঠিন হিসাব এবং যন্ত্রণাদায়ক শাস্তি。
টিকাঃ
[৬৯২] সিফাতুস সাফওয়া, ১/৩২২
📄 কেউ যখন আল্লাহর ক্রোধের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়
আবু দারদা রা. বলেন, কেউ যখন আল্লাহর ক্রোধের অধিক নিকটবর্তী হয়ে যায় তখনই সে অন্যদের ওপর রাগারাগি শুরু করে (নিজের ওপর আল্লাহর গজব ডেকে আনে)। সাবধান! এমন ব্যক্তির ওপর জুলুম করতে যাবে না, আল্লাহ তাআলা ছাড়া যার কোনো সাহায্যকারী নেই。
টিকাঃ
[৬৯৩] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/২০
📄 আদ জাতির পরিত্যক্ত সম্পদ
আবু দারদা রা. বলেন, হে দামেশকের জনগণ, আপনাদের কি লজ্জা হয় না, আপনারা এমন সব সম্পদ জমা করে যাচ্ছেন যা আপনারা ভোগ করতে পারবেন না! এমন সব বাড়িঘর ও দালানকোঠা নির্মাণ করে যাচ্ছেন যাতে আপনারা বসবাস করতে পারবেন না! এমন বড় বড় স্বপ্ন দেখছেন যা আপনারা অর্জন করতে পারবেন না! জেনে রাখুন, আপনাদের পূর্ববর্তী জাতিরা বিপুল সম্পদ উপার্জন করেছিল, তারা অনেক বড় বড় স্বপ্ন দেখত, বড় বড় প্রাসাদ নির্মাণ করত, কিন্তু তাদের সঞ্চয়কৃত সম্পদ এখন ধ্বংস হয়ে গেছে। তাদের স্বপ্নগুলো ধোঁকায় পরিণত হয়েছে। তাদের বাড়িঘর কবর হয়ে গেছে। আদ জাতির অবস্থা দেখুন, তারা আদন থেকে শুরু করে আম্মান পর্যন্ত বিস্তৃত এলাকা নিজেদের ধনসম্পদ এবং সন্তানসন্ততিতে পূর্ণ করে ফেলেছিল, কিন্তু এখন বলুন, আপনাদের এমন কে আছে, যে আমার থেকে আদ সম্প্রদায়ের পরিত্যক্ত সম্পদ মাত্র দুই দিরহামে ক্রয় করবে?
টিকাঃ
[৬৯৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭৪
📄 তুমি কি ইলম অর্জন করেছ?
আবু দারদা রা. বলেন, আমি সবচেয়ে বেশি ভয় করি যে, কেয়ামত দিবসে আমাকে বলা হবে, তুমি কি ইলম অর্জন করেছ না করোনি? যদি বলি, ইলম অর্জন করেছিলাম, তাহলে তখন কুরআন কারিমের আদেশসূচক এবং নিষেধসূচক আয়াতগুলো আমাকে পাকড়াও করে বসবে। আদেশসূচক আয়াতগুলো বলবে, তুমি কি আমার নির্দেশ পালন করেছ? নিষেধসূচক আয়াতগুলো বলবে, তুমি কি আমার নিষিদ্ধ বিষয় থেকে বিরত থেকেছ? তাই আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি এমন ইলম থেকে যা আমার কোনো উপকারে আসবে না এবং এমন প্রবৃত্তি থেকে যা কখনো পরিতৃপ্ত হয় না আর এমন দুআ থেকে যা কবুল করা হয় না。
টিকাঃ
[৬৯৫] সিফাতুস সাফওয়া, ১/৩২০