📄 আমি তিন কারণে তিনটি বিষয়কে পছন্দ করি
আবু দারদা রা. বলেন, প্রতিপালকের সাক্ষাৎ লাভের আগ্রহে আমি মৃত্যুকে ভালোবাসি এবং আমার প্রতিপালকের প্রতি বিনয়ী হয়ে থাকার জন্য আমি দারিদ্র্যকে ভালোবাসি আর গুনাহ মোচন হবে বলে আমি অসুস্থতাকে ভালোবাসি。
টিকাঃ
[৬৯০] সিফাতুস সাফওয়া, ১/৩২২
📄 সন্তানদের প্রতি আচরণের ব্যাপারে নির্দেশনামূলক চিঠি
আবু দারদা রা. তার এক ভাইকে চিঠি লিখে বলেন, পরসমাচার, তুমি দুনিয়ার যা-কিছুই লাভ করো না কেন, লক্ষ করলে দেখবে, তার সবগুলোরই কোনো পূর্বসূরি রয়েছে আর পরে তার উত্তরসূরি। একজন থেকে গ্রহণ এবং অন্যজনকে প্রদানের এই প্রক্রিয়ার মধ্যে তোমার জন্য কেবল সেটাই থাকবে, যা তুমি পরকালের জন্য দান করবে। তাই তুমি তোমার সন্তানদের পরিবর্তে নিজের পরকাল নিয়ে ভাবো। সম্পদকে পরকালের জন্য খরচ করলে সেটা হবে এক উত্তম সিদ্ধান্ত। কারণ পরকালে তোমাকে এমন এক সত্তার কাছে উপস্থিত হতে হবে যিনি তোমাকে ক্ষমা করবেন না। পক্ষান্তরে যদি তুমি তা দুনিয়াতে রেখে যাও তাহলে এমন ব্যক্তিদের জন্য রেখে যাবে, এ অনুগ্রহের কারণে যারা তোমার প্রশংসাটুকু করবে না।
জেনে রাখো, তুমি যে সম্পদ রেখে যাচ্ছ তা দুই ব্যক্তির যেকোনো একজনের হাতেই পড়বে।
১. এমন এক ব্যক্তির হাতে যাবে যে আল্লাহর আনুগত্যের মধ্য থেকে তা ব্যয় করবে। তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে, যে সম্পদ উপার্জন করতে গিয়ে তুমি বহু ত্যাগ স্বীকার করলে তা দিয়ে অন্যজন সৌভাগ্যবান হয়ে গেল।
২. কিংবা তা এমন ব্যক্তির হাতে যাবে, যে আল্লাহর অবাধ্যতায় তা খরচ করবে। তখন এ উপার্জিত সম্পদই তোমার হতভাগ্যের কারণ বনে যাবে।
অথচ আল্লাহর কসম! এই দুই ব্যক্তির একজনও এমন নয়, যার জন্য তুমি কষ্ট স্বীকার করতে পারো এবং নিজের ওপর তাদের প্রাধান্য দিতে পারো।
তোমার পূর্বপুরুষদের জন্য আল্লাহর রহমত কামনা করো আর তোমার ছেলেসন্তানদের জন্য আল্লাহর রিজিকপ্রাপ্তির ব্যাপারে তুমি সুনিশ্চিত থাকো। ওয়াস-সালাম。
টিকাঃ
[৬৯১] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭৩
📄 কঠোর হিসাব
আবু দারদা রা. বলেন, দুর্ভোগ এমন লোভীর জন্য যে ভূরিভূরি সম্পদ সঞ্চয় করে। যারা মানুষের অর্থসম্পদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। দেখলে মনে হয় যেন সে কোনো পাগল। তার দৃষ্টি কেবল মানুষের অর্থসম্পদের প্রতি নিবদ্ধ থাকে। আল্লাহ তাআলার নিকট যা বরাদ্দ রয়েছে তার দিকে কখনো তার নজর যায় না। সে পারলে রাতদিন এক করে দুনিয়ার পেছনে ছুটে বেড়ায়। দুর্ভোগ তার জন্য! তার জন্য অপেক্ষা করছে কঠিন হিসাব এবং যন্ত্রণাদায়ক শাস্তি。
টিকাঃ
[৬৯২] সিফাতুস সাফওয়া, ১/৩২২
📄 কেউ যখন আল্লাহর ক্রোধের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়
আবু দারদা রা. বলেন, কেউ যখন আল্লাহর ক্রোধের অধিক নিকটবর্তী হয়ে যায় তখনই সে অন্যদের ওপর রাগারাগি শুরু করে (নিজের ওপর আল্লাহর গজব ডেকে আনে)। সাবধান! এমন ব্যক্তির ওপর জুলুম করতে যাবে না, আল্লাহ তাআলা ছাড়া যার কোনো সাহায্যকারী নেই。
টিকাঃ
[৬৯৩] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/২০