📄 অর্থসম্পদ বাড়ছে আর জীবনের আয়ু কমছে
আবু দারদা রা. বলেন, সব মানুষের বিবেকবুদ্ধিই অপূর্ণ। কারণ দুনিয়ার সামান্যকিছু অর্থসম্পদ লাভ করতে পারলেই তারা আনন্দিত হয়ে ওঠে, অথচ দিবারাত্রির পালাবদলে কীভাবে যে তাদের জীবন ক্ষয় হয়ে যাচ্ছে, সে কারণে কোনো দুঃখবোধ করে না। তারা আসলে পথভ্রষ্ট হয়ে গেছে। প্রতিনিয়ত যখন জীবনের আয়ু কমছে তখন অর্থসম্পদ বাড়লেও কী লাভ আছে?
টিকাঃ
[৬৮৬] সিফাতুস সাফওয়া, ১/৩২৩
📄 কবরই মুমিনকে রক্ষা করতে পারে
আবু দারদা রা. বলেন, মানুষের অনিষ্ট থেকে একজন মুমিনকে রক্ষা করতে পারে কেবল তার কবর।
টিকাঃ
[৬৮৭] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১৫০
📄 আমাকে হাসায় এবং কাঁদায়
আবু দারদা রা. বলেন, তিনটি বিষয় আমাকে হাসায় আর তিনটি বিষয় আমাকে কাঁদায়। আমাকে হাসায়, ১. ওই ব্যক্তির অবস্থা, যে দুনিয়া নিয়ে স্বপ্ন দেখে অথচ মৃত্যু তাকে খুঁজছে। ২. ওই ব্যক্তির অবস্থা, যে মৃত্যুর ব্যাপারে উদাসীন হয়ে আছে অথচ মৃত্যু তার ব্যাপারে উদাসীন নয়। ৩. ওই ব্যক্তির অবস্থা, যে মুখ খুলে হেসে থাকে অথচ সে জানেই না যে, তার প্রতিপালক তার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট।
আর আমাকে কাঁদায়, ১. মৃত্যুপরবর্তী পরকালের বিভীষিকাময় অবস্থা। ২. মৃত্যুর কারণে আমল করার সুযোগ বন্ধ হয়ে যাওয়া। ৩. আর আল্লাহর সামনে এমন অবস্থায় দণ্ডায়মান হওয়া যে, জানা নেই আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে নাকি জাহান্নামে নিক্ষেপের।
টিকাঃ
[৬৮৮] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১৫১
📄 আমি তো কেবল তার কাজকে ঘৃণা করি
আবু দারদা রা. এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন। লোকটি কোনো এক অপরাধ করায় অন্যান্য মানুষ তাকে গালিগালাজ করছিল। তখন তিনি লোকদের লক্ষ করে বলেন, আচ্ছা, বলো তো, যদি দেখতে এ লোকটা কোনো কুয়ায় পড়ে গেছে তাহলে কি তোমরা তাকে উদ্ধার করতে না? লোকেরা বলল, হ্যাঁ, করতাম। তিনি তখন বলেন, যদি তাই হয় তাহলে তোমরা তোমাদের এই ভাইকে গালিগালাজ করো না। বরং আল্লাহর প্রশংসা করো, যিনি তোমাদেরকে রক্ষা করেছেন। লোকেরা বলল, তাহলে কি আপনি তার প্রতি কোনো ঘৃণা পোষণ করেন না? তিনি বলেন, আমি তো কেবল তার কাজকে ঘৃণা করি। সে যখন ওই কাজটা ছেড়ে দেবে তখন তো সে আমার ভাই。
টিকাঃ
[৬৮৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭৯