📄 তোমাদের সৎকর্মশীলদের ভালোবাসে
আবু দারদা রা. বলেন, তোমরা যতদিন তোমাদের সৎকর্মশীলদের ভালোবাসবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবে। তোমাদেরকে যে হক কথা বলা হবে তা ভালোভাবে বুঝবে। কারণ যে ব্যক্তি হককে বুঝতে পারল এবং চিনতে পারল সে যেন তার ওপর আমলই করল。
টিকাঃ
[৬৭১] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৮
📄 নেয়ামতের কৃতজ্ঞতা
আবু দারদা রা. বলেন, যে ব্যক্তি কেবল পানাহারকেই আল্লাহর নেয়ামত মনে করে সে নিজের আমলের পরিধিকে সংকুচিত করে ফেলে এবং সে যেন দুনিয়াতেই শাস্তির সম্মুখীন হয়ে যায়। যে ব্যক্তি দুনিয়া থেকে বিমুখ হতে পারে না সে আসলে দুনিয়ার কিছুই পায় না।
তিনি আরও বলেন, মানুষের প্রতিটি ঘামের ফোঁটায় আল্লাহর কত কত নেয়ামত লুকিয়ে আছে!
টিকাঃ
[৬৭২] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৭
📄 মৃত্যুর পর
আবু দারদা রা. বলেন, মৃত্যুর পর তোমরা যে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হবে যদি তা জানতে, তাহলে কখনো আনন্দের সাথে খাওয়াদাওয়া করতে না এবং কোথাও বিশ্রাম নিতে যেতে না। বরং মাথার চুল টানতে টানতে তোমরা রাস্তাঘাটে বের হয়ে যেতে। নিজেদের অবস্থার ওপর কান্না করতে থাকতে। তোমরা কামনা করতে, হায়, যদি আমি কোনো বৃক্ষ হতাম, যাকে লোকেরা কেটে খেয়ে ফেলত。
টিকাঃ
[৬৭৩] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭১
📄 ঈমানের সর্বোচ্চ চূড়া
আবু দারদা রা. বলেন, ঈমানের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর ফয়সালার ওপর ধৈর্যধারণ করা। তাকদিরের ওপর সন্তুষ্ট থাকা। তাওয়াক্কুলের ক্ষেত্রে একনিষ্ঠ থাকা এবং নিজেকে আল্লাহ তাআলার নিকট সঁপে দেওয়া。
টিকাঃ
[৬৭৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭১