📄 জীবনের শেষ নামাজ
হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, বৎস! যখন তুমি নামাজে দাঁড়াবে তখন মনে করবে, এটাই তোমার জীবনের সর্বশেষ নামাজ, আর কখনো নামাজ পড়ার সুযোগ হবে না তোমার।
জেনে রাখো, নিশ্চয়ই মুমিনের মৃত্যু ঘটে দুটি উত্তম কাজের মধ্য দিয়ে। একটি হলো, যা সে পরকালে পাঠিয়ে দিয়েছে, আরেকটি হলো, যা সে দুনিয়াতে রেখে যাচ্ছে。
টিকাঃ
[৬৪৮] সিফাতুস সাফওয়া, ১/২৫৭
📄 পরকালকে প্রাধান্য দাও
এক ব্যক্তি তার সাথি-সঙ্গী নিয়ে এসে হজরত মুয়াজ ইবনে জাবাল রা.-কে সালাম দেয় এবং তাকে বিজয়ী শুভেচ্ছা জানায়। হজরত মুয়াজ রা. তখন বলেন, আমি আপনাকে দুটি বিষয়ের অসিয়ত করে যাচ্ছি। যদি আপনি তা সংরক্ষণ করেন তাহলে নিরাপদ থাকতে পারবেন। তা হলো, অবশ্যই আপনার দুনিয়ার প্রয়োজন রয়েছে তবে তার তুলনায় পরকালের প্রয়োজন আরও অনেক বেশি। তাই দুনিয়ার ওপর পরকালকে প্রাধান্য দিন। যেন তা আপনার জন্য এমনভাবে সুগঠিত হয়ে যায় যে, আপনি যে অবস্থায়ই থাকুন পরকাল আপনার সঙ্গেই থাকবে。
টিকাঃ
[৬৪৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৮৪
📄 আল্লাহর জিকির
হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহর রাস্তায় ঘোড়ার ওপর সাওয়ার হয়ে কাটিয়ে দেওয়ার চেয়ে আমার নিকট অধিক প্রিয় হলো, এই সময়টা আল্লাহর জিকিরে কাটিয়ে দেওয়া。
টিকাঃ
[৬৫০] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৮৪
📄 ইলম ও আমল
হজরত মুয়াজ ইবনে জাবাল রা. বলেন, আপনারা যা খুশি তা শিখতে পারেন, তবে জেনে রাখুন, যতক্ষণ পর্যন্ত আমল করবেন না ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে কোনো ইলমেরই প্রতিদান দেবেন না।
টিকাঃ
[৬৫১] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৮৫