📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বন্ধুর ব্যাপারে সতর্ক থাকবে

📄 বন্ধুর ব্যাপারে সতর্ক থাকবে


এক ব্যক্তি হজরত উবাই ইবনে কাব রা.-কে বলে, হে আবুল মুনজির! আপনি আমাকে অসিয়ت করুন। তিনি বলেন, যে বিষয়ে তোমার নিজেকে জড়ানোর প্রয়োজন নেই তাতে নিজেকে জড়াবে না। শত্রুদের থেকে দূরে থাকবে আর বন্ধুদের ব্যাপারে সতর্ক থাকবে। জীবিত কারও সাথে কেবল সে বিষয়ে ঈর্ষা করবে, যে ব্যাপারে মৃতদের সাথে ঈর্ষা করা যায় (আমলের প্রতি ঈর্ষা করবে)। এমন ব্যক্তির নিকট কখনো নিজের প্রয়োজনের কথা বলবে না, যে তা পূরণের কোনো পরোয়া করে না।

টিকাঃ
[৬৩৫] কানযুল উম্মাল, ১৬/২২২, ক্রমিক নম্বর, ৪৪২৪৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুনিয়া পরকালের প্রস্তুতির জায়গা

📄 দুনিয়া পরকালের প্রস্তুতির জায়গা


আবু নাদরা বলেন, হজরত উমর রা.-এর শাসনামলে একবার এক প্রয়োজনে আমি তার উদ্দেশ্যে রওয়ানা হই। রাতেই আমি মদিনায় পৌঁছে যাই। সকাল হলে তার সাথে সাক্ষাৎ করি। আল্লাহ তাআলা আমাকে বিচক্ষণতা ও বাগ্মিতা দান করেছিলেন। তাই আমি হজরত উমরের সামনে দুনিয়ার ব্যাপারে আলোচনা শুরু করি যে, আমি একসময় দুনিয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছিলাম। পরে দেখলাম, এর কোনো মূল্যই নেই। তাই দুনিয়াকে পরিত্যাগ করেছি।
উমর রা.-এর পাশে সাদা পোশাকে একজন লোক বসে ছিল। আমার কথা শেষ হলে তিনি বলেন, আপনার সব কথাই তো ঠিক আছে, তবে আপনি দুনিয়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন কেন? আপনার কি জানা রয়েছে, দুনিয়া কী জিনিস? দুনিয়া তো হলো, আমাদের পরকালে পৌঁছার পাথেয়। এতে আমরা পরকালের জন্য আমল করে যেতে পারব এবং পরকালে গিয়ে তার প্রতিদান পাব।
আমি তখন মনে মনে বললাম, তিনি তো দেখছি, দুনিয়ার ব্যাপারে আমার চেয়েও আরও ভালো জানেন! তখন আমি হজরত উমর রা.-কে জিজ্ঞেস করি, আমিরুল মুমিনিন! এই লোকটি কে? তিনি উত্তরে বলেন, তিনি হলেন সাইয়িদুল মুসলিমিন উবাই ইবনে কাব।

টিকাঃ
[৬৩৬] আল-আদাবুল মুফরাদ, ৪৮৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তাকওয়া অনুযায়ী বন্ধুত্ব করো

📄 তাকওয়া অনুযায়ী বন্ধুত্ব করো


হজরত উবাই ইবনে কাব রা. বলেন, ব্যক্তির খোদাভীরুতা এবং তাকওয়া অনুযায়ী তার সাথে বন্ধুত্ব করো। যে ব্যক্তি প্রশংসার যোগ্য নয় তার জন্য প্রশংসা করতে যেয়ো না। মৃতদের প্রতি যে কারণে ঈর্ষা করা যায় জীবিতদের প্রতি সে কারণেই ঈর্ষা করবে। অর্থাৎ উত্তম আমলের প্রতি ঈর্ষা করবে।

টিকাঃ
[৬৩৭] হিলয়াতুল আউলিয়া, ৯/১২১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00