📄 মুমিন নূরের মধ্যেই থাকে
হজরত উবাই ইবনে কাব রা. বলেন, মুমিন চার অবস্থার যেকোনো একটি অবস্থার মধ্যেই থাকে,
১. বিপদে আক্রান্ত হলে সে সবর করে। ২. নেয়ামতপ্রাপ্ত হলে আল্লাহর শুকরিয়া আদায় করে। ৩. যখন কথা বলে তখন সত্য বলে। ৪. বিচারের ক্ষেত্রে ইনসাফের পথে হাঁটে।
এর ফলে সে পাঁচটি বিষয়ে নুর লাভ করে থাকে। আল্লাহ তাআলা কুরআন কারিমে এ ব্যাপারে বলেছেন, »نُوْرُ عَلَى نُوْر«। তাই মুমিনের কথা হয়ে থাকে নুরে পরিপূর্ণ। তার ইলম হয়ে থাকে নুরময়। সে কোথাও গেলে তা হয় নুরময়। কোথাও থেকে বের হলে তা হয় নুরময় এবং কেয়ামতের দিন সে নুরের দিকেই হেঁটে যাবে।
পক্ষান্তরে কাফেররা পাঁচ ধরনের অন্ধকারের মধ্যে আবর্তিত হয়ে থাকে,
১. তার কথাবার্তা হয় অন্ধকারাচ্ছন্ন। ২. তার আমল হয় অন্ধকারাচ্ছন্ন। ৩. সে যেখানে প্রবেশ করে তা হয় অন্ধকারাচ্ছন্ন। ৪. যেখান থেকে বের হয় তা হয় অন্ধকারাচ্ছন্ন। ৫. আর কেয়ামতের দিন সে অন্ধকারের দিকেই হেঁটে যাবে。
টিকাঃ
[৬৩১] হিলয়াতুল আউলিয়া, ১/২৫৫
📄 সম্মত আঁকড়ে থাকা
হজরত উবাই ইবনে কাব রা. বলেন, আপনারা ইসলামের রাস্তায় এবং সুন্নতের ওপর থাকুন। কারণ কেউ যদি ইসলামের পথে এবং সুন্নতের ওপর থেকে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাঁর ভয়ে চোখের অশ্রু ঝরায় তাহলে তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর কেউ যদি আল্লাহর রাস্তায় এবং নবিজির সুন্নতের ওপর থেকে রহমানের কথা স্মরণ করে, তাঁর ভয়ে তার শরীর প্রকম্পিত হয়ে ওঠে, তাহলে এতে অবশ্যই তার গুনাহসমূহ সেই গাছের পাতাসমূহের মতো ঝরে পড়বে যার পাতাসমূহ শুকিয়ে গেছে, একটা কোনো প্রবল বাতাস এলেই যে গাছের সব পাতা ঝরে যায়。
টিকাঃ
[৬৩২] হিলয়াতুল আউলিয়া, ১/২৫৩
📄 আল্লাহর কিতাব
এক ব্যক্তি উবাই ইবনে কাব রা.-কে বলে, আপনি আমাকে কিছু অসিয়ত করুন। তিনি বলেন, আল্লাহর কিতাবকে পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করো। ফয়সালাকারী হিসাবে তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তোমাদের কাছে তাঁর প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। তিনিই হলেন তোমাদের সুপারিশকারী। তাই তোমাদেরকে তার আনুগত্য করতে হবে। তিনি এমন এক সাক্ষী যার ব্যাপারে কেউ কোনো ধরনের অভিযোগ উত্থাপন করতে পারে না।
কুরআন কারিমে রয়েছে তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের আলোচনা। এতে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। এ ছাড়াও এতে রয়েছে তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের বৃত্তান্ত。
টিকাঃ
[৬৩৩] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৯৭
📄 যা আল্লাহর জন্য বিসর্জন দেওয়া হয়
হজরত উবাই ইবনে কাব রা. বলেন, কেউ যদি আল্লাহর জন্য কোনোকিছু বিসর্জন দেয় তাহলে আল্লাহ অবশ্যই তার জন্য এর পরিবর্তে এমন উত্তম বিনিময় দান করেন, যা সে কল্পনাও করতে পারে না। আর যদি কেউ অন্যায়ভাবে কোনোকিছুকে তুচ্ছ মনে করে তা আত্মসাৎ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার ওপর এর চেয়েও আরও কঠিন এমন বিষয় চাপিয়ে দেন, যা সে কল্পনাও করতে পারেনি。
টিকাঃ
[৬৩৪] সিফাতুস সাফওয়া, ১/২৪৭