📄 এ বিষয়ে আমার জানা নেই
উরওয়া বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা.-কে একটা ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিষয়টা আমার জানা নেই। জিজ্ঞেসকারী লোকটি চলে গেলে তিনি নিজেকেই লক্ষ করে বলেন, ইবনে উমরকে এমন এক বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে যে বিষয়ে তার জানা নেই, আর সে বলে দিয়েছে, আমি এ ব্যাপারে জানি না。
টিকাः
[৫৯১] সিফাতুস সাফওয়া, ১/২৮৯
📄 আল্লাহর নামে কেউ আমাদের সাথে প্রতারণা করলে আমরা তার জন্য প্রতারিত হতে রাজি আছি
নাফে বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা.-এর কাছে মালিকানাধীন কোনোকিছু অত্যন্ত পছন্দনীয় হলে তা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
নাফে বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা.-এর গোলামেরা তার এ বিষয়টি জেনে গিয়েছিল। তাই তাদের কেউ কেউ পূর্ণ প্রস্তুতি নিয়ে মসজিদে যেত এবং আল্লাহর ইবাদত-বন্দেগিতে পড়ে থাকত। আবদুল্লাহ ইবনে উমর রা. সেই অবস্থায় তাকে দেখতে পেলে আজাদ করে দিতেন তাকে। তখন তার সাথি-সঙ্গীরা তাকে বলল, হে আবু আবদুর রহমান, আল্লাহর কসম করে বলতে পারি, তারা তো আপনার সাথে প্রতারণা করছে। তিনি উত্তরে বলেন, কেউ আল্লাহ তাআলার ইবাদত-বন্দেগির মাধ্যমে আমাদের সাথে প্রতারণা করলে আমরা তার জন্য প্রতারিত হতে রাজি আছি।
টিকাঃ
[৫৯২] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২১২
📄 অত্যন্ত কঠিন হিসাব হবে
নাফে বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা. সুরা বাকারার সর্বশেষ এই আয়াত দুটি যখনই তেলাওয়াত করতেন তখনই কেঁদে ফেলতেন। তা হলো,
وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ
যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। (সুরা বাকারা, ২৮৪)
তারপর তিনি বলতেন, নিশ্চয়ই এই হিসাব হবে অত্যন্ত কঠিন。
টিকাঃ
[৫৯৩] সিফাতুস সাফওয়া, ১/২১০
📄 তাদের অন্তর বিগলিত হয়ে যাবে
আল্লাহ তাআলা বলেন,
أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ ﴾
যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনী? (সূরা হাদিদ, ১৬)
নাফে বলেন, ইবনে উমর রা. যখন সূরা হাদিদের এই আয়াত তেলাওয়াত করতেন তখন তিনি কেঁদে ফেলতেন। এমনকি তিনি এর ফলে সামনে অগ্রসর হতে পারতেন না。
টিকাঃ
[৫৯৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২১৮