📄 আশা-আকাঙ্ক্ষা না রাখা
আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা রেখো না আর সকাল পর্যন্ত বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা রেখো না। সুস্থ থাকতে অসুস্থতার পাথেয় সংগ্রহ করে নাও। জীবন থাকতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো。
টিকাঃ
[৫৮৮] সহিহ বুখারি, ৬৪১২
📄 তারা ছিলেন এ উম্মতের শ্রেষ্ঠ মানব
আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় তাহলে যেন এমন ব্যক্তিদের অনুসরণ করে যারা মারা গেছে। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথি-সঙ্গীরা তো ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। যাদের অন্তরগুলো ছিল পবিত্র। যারা ছিলেন গভীর জ্ঞানের অধিকারী। যাদের মধ্যে কোনো ধরনের কৃত্রিমতা ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে আপন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহচর্য ও দ্বীনের প্রচার-প্রসারের জন্য নির্বাচন করেছিলেন। তাই আপনারা তাদের রীতিপদ্ধতি ও আখলাক-চরিত্রের অনুসরণ করুন। তারা তো হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথি-সঙ্গী। কাবার রবের কসম! সঠিক পথের ওপর ছিলেন তারা。
টিকাঃ
[৫৮৯] হিলয়াতুল আউলিয়া, ১/৩০৫
📄 শরীর ও দেহের মাধ্যমে দুনিয়াতে থাকতে
আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, ওহে বনি আদমেরা! তোমরা শরীর ও দেহের মাধ্যমে এ দুনিয়াতে থাকবে কিন্তু অন্তর এবং চিন্তা-চেতনার দিক থেকে দুনিয়াকে পরিত্যাগ করবে। কেননা আমলের ভিত্তিতেই তোমার হিসাবনিকাশ হবে। হাতে যা-কিছু রয়েছে তার মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, তাহলেই কল্যাণ অর্জন করতে পারবে。
টিকাঃ
[৫৯০] হিলয়াতুল আউলিয়া, ১/৩০৬
📄 এ বিষয়ে আমার জানা নেই
উরওয়া বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা.-কে একটা ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিষয়টা আমার জানা নেই। জিজ্ঞেসকারী লোকটি চলে গেলে তিনি নিজেকেই লক্ষ করে বলেন, ইবনে উমরকে এমন এক বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে যে বিষয়ে তার জানা নেই, আর সে বলে দিয়েছে, আমি এ ব্যাপারে জানি না。
টিকাः
[৫৯১] সিফাতুস সাফওয়া, ১/২৮৯