📄 আল্লাহর জন্য ভালোবাসা
ইবনে উমর রা. বলেন, আল্লাহর কসম, যদি আমি লাগাতার নিয়মিত রোজা রাখতে চাই, কোনোদিন যদি রোজা বাদ না দিই, না ঘুমিয়ে সারারাত ইবাদত- বন্দেগি করতে থাকি, সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিই, কিন্তু যদি এমন অবস্থায় আমার মৃত্যু হয় যে, আল্লাহর আনুগত্যশীল বান্দাদের প্রতি আমার অন্তরে কোনো ভালোবাসা এবং আল্লাহর অবাধ্যদের প্রতি ঘৃণা-বিদ্বেষ না থাকে তাহলে এগুলো আমার মোটেও কোনো কাজে আসবে না。
টিকাঃ
[৫৮৫] ইহইয়াউ উলুমিদ্দিন, ২/২৪৬
📄 কর্মনিষ্ঠ
আবদুল্লাহ ইবনে উমর রা. আপন সঙ্গী-সাথিদের বলেন, আমরা কিছু সময় ব্যয় করব দুনিয়ার জন্য আর কিছু সময় ব্যয় করব পরকালের জন্য। আলোচনার ফাঁকে ফাঁকে আমরা বলে উঠব, আল্লাহুম্মাগফিরলানা。
টিকাঃ
[৫৮৬] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৬৬
📄 গুনাহ হওয়ার ব্যাপারে মনে যে বিষয়ে খটকা তৈরি হয়
আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত খোদাভীরুতা অর্জন করতে পারবে না যতক্ষণ সে এমন বিষয় পরিত্যাগ করে, যা গুনাহ হওয়ার ব্যাপারে তার মনে খটকা লাগে。
টিকাঃ
[৫৮৭] বুখারি, কিতাবুল ঈমান পরিচ্ছেদ, ১
📄 আশা-আকাঙ্ক্ষা না রাখা
আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা রেখো না আর সকাল পর্যন্ত বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা রেখো না। সুস্থ থাকতে অসুস্থতার পাথেয় সংগ্রহ করে নাও। জীবন থাকতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো。
টিকাঃ
[৫৮৮] সহিহ বুখারি, ৬৪১২