📄 মুনাফিক হওয়ার আশঙ্কা
এক ব্যক্তি হুজাইফা রা.-কে বলে, আশঙ্কা হয়, আমি মুনাফিক হয়ে গেলাম কি না। হুজাইফা রা. তখন বলেন, যদি আপনি মুনাফিকই হবেন তাহলে আবার এ নিয়ে ভয় করবেন কেন।
টিকাঃ
[৫৬৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/১৪০
📄 আগামীকাল প্রতিযোগিতা হবে
হুজাইফা রা. বলেন, কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। জেনে রাখুন, দুনিয়া ইতিমধ্যে তার ধ্বংসের ঘোষণা প্রদান করেছে। আজ হলো প্রতিযোগিতার প্রস্তুতির দিন আর আগামীকাল হবে মূল প্রতিযোগিতা।
টিকাঃ
[৫৬৫] হিলয়াতুল আউলিয়া, ১/২৮১
📄 ফিতনার সময় অন্তরের পরীক্ষা হবে
অন্তরের সামনে বিভিন্ন ধরনের ফিতনা-ফাসাদ পেশ করা হবে। যে অন্তর তা গ্রহণ করে নেবে তাতে একটি কালো দাগ পড়ে যাবে আর যে অন্তর তা প্রত্যাখ্যান করবে তাতে একটি সাদা দাগ অঙ্কিত হবে। আপনাদের কেউ যদি নিজের ব্যাপারে জানতে চায় যে, সে এর মাধ্যমে আক্রান্ত হয়ে গেছে কি না, তাহলে সে যেন লক্ষ করে যে, হালাল বিষয়কে সে এখন হারাম মনে করে কি না বা হারামকে তার নিকট হালাল মনে হয় কি না। যদি এমন হয় তাহলে বুঝতে হবে, সে ফিতনায় আক্রান্ত হয়ে গেছে।
টিকাঃ
[৫৬৬] সিফাতুস সাফওয়া, ১/৩১০