📄 দ্বীনের এক অংশ দিয়ে আরেক অংশকে
হুজাইফা ইবনে ইয়ামান রা. বলেন, পুরো দ্বীন হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায় আমি দ্বীনের এক অংশ দিয়ে আরেক অংশকে ক্রয় করে থাকি। এরপর তিনি বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে যারা এই বিষয়টি বুঝতে পেরেছেন তাদের সকলেই এমন করে থাকেন। লোকেরা জিজ্ঞেস করল, কেন আপনি এমন করেন? তিনি উত্তরে বলেন, মানুষের মধ্যে ভালো-মন্দের মিশ্রণ ঘটে গেছে। তাই আমি কেবল তাদের ভালো দিকটা দেখি আর খারাপ দিকটা এড়িয়ে যাই。
টিকাঃ
[৫৫৩] সিয়ারু আলামিন নুবালা, ২/৩৬৮
📄 মুখে থাকবে কিন্তু আমলে আসবে না
হুজাইফা রা.-কে নিফাক সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নিফাক হলো মুখে মুখে ইসলামের বাণী প্রচার করা কিন্তু কাজেকর্মে তার প্রয়োগ না ঘটানো。
টিকাঃ
[৫৫৪] সিয়ারু আলামিন নুবালা, ২/৩৬২
📄 হালাল তালাশ করা
হুজাইফা রা. বলেন, যে মদ বিক্রি করে সে মদ্যপায়ীর মতোই অপরাধী। যে শূকর পালে সে তা ভক্ষণকারীর মতোই গুনাহগার। আপনারা নিজেদের গোলামদের প্রতি লক্ষ রাখবেন। খোঁজ নেবেন যে, তারা কোত্থেকে নিজেদের ওপর ধার্যকৃত কর সংগ্রহ করে। সেই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না যা হারাম সম্পদের মাধ্যমে বেড়ে উঠেছে。
টিকাঃ
[৫৫৫] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২০৭
📄 হিসাব ও হিসাব
হুজাইফা রা. বলেন, কবরে হিসাব হবে, কেয়ামতেও হিসাব হবে। তবে কেয়ামতের দিন যার (কড়া) হিসাব নেওয়া হবে তার রক্ষা নেই। তাকে শাস্তির সম্মুখীন হতে হবে。
টিকাঃ
[৫৫৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/২০৮