📄 দুনিয়াকে সামনে রাখা হয়েছে
আনাস ইবনে মালেক রা. বলেন, আবু মুসা আমাকে জিজ্ঞেস করেন, কোন জিনিস মানুষকে পরকালের কথা ভুলিয়ে দিলো? তিনি বলেন, আমি বললাম, নফসের চাহিদা এবং শয়তানের কুমন্ত্রণা। আবু মুসা তখন বলেন, না, আল্লাহর কসম এটা নয়; বরং দুনিয়াকে তাদের সামনে রাখা হয়েছে আর আখেরাতকে পেছনে রাখা হয়েছে। যদি তারা আখেরাত দেখতে পেত তাহলে সঠিক পথ থেকে বিচ্যুত হতো না এবং ভুল পথে ঝুঁকে যেত না।
টিকাঃ
[৫৪৫] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৪৭
📄 অর্থসম্পদ
আবু মুসা আশআরি রা. বলেন, এই সম্পদই তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করে দিয়েছে আর আমি দেখছি, এটা তোমাদেরকেও ধ্বংস করে ছাড়বে।
টিকাঃ
[৫৪৬] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৪৭
📄 তোমরা কান্না করো
আবু মুসা আশআরি রা. বসরাবাসীদের উপদেশ দিতে গিয়ে বলেন, লোকসকল! তোমরা কান্না করো, যদি কাঁদতে না পারো তাহলে কান্নার ভান ধরো। কারণ জাহান্নামিরা কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের অশ্রু শেষ হয়ে যাবে। তারপর তাদের চোখ থেকে রক্তের অশ্রু বের হবে। এমনকি তার পরিমাণ এত বেশি হবে যে, যদি তাতে কোনো জাহাজও চালিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই তা চলতে পারবে।
টিকাঃ
[৫৪৭] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৪৭
📄 অন্তরের অবস্থার পরিবর্তন
আবু মুসা আশআরি রা. বলেন, সময়ে সময়ে অন্তরের অবস্থার পরিবর্তন ঘটার কারণেই অন্তরকে আরবিতে বলা হয় 'কলব'। এই অন্তরের উদাহরণ হলো, মরুভূমিতে পড়ে থাকা পালকের মতো। বাতাসের ফলে যা উলটপালট হতে থাকে।
টিকাঃ
[৫৪৮] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৪৮