📄 তাওবার দরজা বন্ধ হবে না
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, জান্নাতের আটটি দরজা রয়েছে, যার সবগুলোই একসময় খোলা হয় আবার আরেক সময় বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাওবার দরজা কখনো বন্ধ হয় না। তাতে সবসময় একজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন।
টিকাঃ
[৫১৮] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/২৪৯
📄 তিন ও চার
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, তিনটি বিষয় সম্পূর্ণ সত্য। তা হলো, ১. আল্লাহ দুনিয়াতে যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, কেয়ামতের দিন অবশ্যই তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। ২. যার মধ্যে ইসলাম নেই তার মধ্যে কিছুই নেই। ৩. ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গেই সে থাকবে। আর চতুর্থ বিষয়টা এমন যে, যদি আমি সে ব্যাপারে শপথ করি তাহলে তা ভঙ্গ হবে না। তা হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে কারও পাপ গোপন করলে অবশ্যই পরকালেও তা গোপন করবেন।
টিকাঃ
[৫১৯] তানবিহুল গাফিলিন, ৩৬৪
📄 রাজদরবার
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, রাজদরবারে উটের আস্তাবলের মতো ফিতনা-ফাসাদ রয়েছে। যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ, তোমরা তাদের থেকে দুনিয়ার কিছু অর্জন করতে গেলে অবশ্যই তোমাদেরকে অর্জিত দুনিয়ার সমপরিমাণ কিংবা তার দ্বিগুণ দ্বীন বিসর্জন দিতে হবে।
টিকাঃ
[৫২০] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/২০২
📄 বড়দের থেকে ইলম শিক্ষা করা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, মানুষ যতদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং নিজেদের বড়দের থেকে ইলম অর্জন করবে ততদিন তারা কল্যাণের ওপর থাকবে। আর যখন তারা ছোটদের থেকে ইলম-কালাম গ্রহণ শুরু করবে তখন তারা ধ্বংস হয়ে যাবে।
তিনি আরও বলেন, তোমরা ততদিন পর্যন্ত কল্যাণের ওপর থাকবে যতদিন তোমাদের বড়দের মধ্যে ইলম-কালাম থাকবে। আর যখন এই ইলম তোমাদের ছোটদের নিকট চলে আসবে তখন ছোটরা বড়দেরকে তুচ্ছ মনে করতে থাকবে।
টিকাঃ
[৫২১] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৯২