📄 শেষযুগের হাজিদের অবস্থা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, শেষ জামানায় অকারণে হাজিদের সংখ্যা বৃদ্ধি পাবে। তখন তাদের জন্য হজযাত্রা সহজ হয়ে যাবে। রিজিকে প্রশস্ততা থাকবে। কিন্তু তারা হজ থেকে ফিরবে সম্পূর্ণ বঞ্চিত অবস্থায়। তারা হজের উদ্দেশ্যে সফর করবে বটে কিন্তু পাশেই তাদের প্রতিবেশী বিপদে কাতরাতে থাকবে কিন্তু সে সামান্য সময়ের জন্যও তাকে সমবেদনা জানানোর ফুরসত পাবে না।
টিকাঃ
[৫১৭] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/২২৫
📄 তাওবার দরজা বন্ধ হবে না
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, জান্নাতের আটটি দরজা রয়েছে, যার সবগুলোই একসময় খোলা হয় আবার আরেক সময় বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাওবার দরজা কখনো বন্ধ হয় না। তাতে সবসময় একজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন।
টিকাঃ
[৫১৮] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/২৪৯
📄 তিন ও চার
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, তিনটি বিষয় সম্পূর্ণ সত্য। তা হলো, ১. আল্লাহ দুনিয়াতে যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, কেয়ামতের দিন অবশ্যই তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। ২. যার মধ্যে ইসলাম নেই তার মধ্যে কিছুই নেই। ৩. ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গেই সে থাকবে। আর চতুর্থ বিষয়টা এমন যে, যদি আমি সে ব্যাপারে শপথ করি তাহলে তা ভঙ্গ হবে না। তা হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে কারও পাপ গোপন করলে অবশ্যই পরকালেও তা গোপন করবেন।
টিকাঃ
[৫১৯] তানবিহুল গাফিলিন, ৩৬৪
📄 রাজদরবার
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, রাজদরবারে উটের আস্তাবলের মতো ফিতনা-ফাসাদ রয়েছে। যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ, তোমরা তাদের থেকে দুনিয়ার কিছু অর্জন করতে গেলে অবশ্যই তোমাদেরকে অর্জিত দুনিয়ার সমপরিমাণ কিংবা তার দ্বিগুণ দ্বীন বিসর্জন দিতে হবে।
টিকাঃ
[৫২০] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/২০২