📄 ছত্রিশা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. যখন যুবকদেরকে ইলম অর্জন করতে দেখতেন তখন বলতেন, স্বাগত তাদের যারা প্রজ্ঞার ঝরনাধারা, অন্ধকারের আলোকবর্তিকা, যাদের পোশাক-আশাক জীর্ণ এবং পুরাতন কিন্তু তাদের অন্তরগুলো নতুন এবং যারা সমাজের পাপাচারে না জড়িয়ে নিজেদেরকে ঘরে আবদ্ধ করে রাখে। তারা তো হলো প্রতিটি গোত্রের একেকটি সুগন্ধি ফুল。
টিকাঃ
[৫১৪] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৬২
📄 ইলম হলো নামাজ
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যিনি ফকিহ হয়ে থাকেন তিনি সবসময় নামাজ আদায় করে থাকেন।
লোকেরা জিজ্ঞেস করল, এটা কীভাবে হতে পারে? তিনি উত্তরে বলেন, তার অন্তর ও জিহ্বা সবসময় তো আল্লাহর জিকিরে নিরত থাকে। এভাবেই তিনি সদা নামাজ আদায় করে থাকেন。
টিকাঃ
[৫১৫] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৬৩
📄 ঈমানের দুটি অংশ রয়েছে
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, ঈমানের অর্ধেক অংশ হলো সবর আর বাকি অর্ধেক হলো শোকর。
টিকাঃ
[৫১৬] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৩১৬
📄 শেষযুগের হাজিদের অবস্থা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, শেষ জামানায় অকারণে হাজিদের সংখ্যা বৃদ্ধি পাবে। তখন তাদের জন্য হজযাত্রা সহজ হয়ে যাবে। রিজিকে প্রশস্ততা থাকবে। কিন্তু তারা হজ থেকে ফিরবে সম্পূর্ণ বঞ্চিত অবস্থায়। তারা হজের উদ্দেশ্যে সফর করবে বটে কিন্তু পাশেই তাদের প্রতিবেশী বিপদে কাতরাতে থাকবে কিন্তু সে সামান্য সময়ের জন্যও তাকে সমবেদনা জানানোর ফুরসত পাবে না।
টিকাঃ
[৫১৭] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/২২৫