📄 কর্মশূন্য মানুষ
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আমার বড় কষ্ট হয় ওই ব্যক্তিকে দেখে, যে না দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে আর না পরকালের কোনো আমল করছে।
টিকাঃ
[৪৮৯] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৭৭৫
📄 দরজায় করাঘাত করা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যতক্ষণ তুমি নামাজে আছ ততক্ষণ তুমি তোমার মালিকের দরজায় করাঘাত করছ। আর যে দরজায় করাঘাত করে তার জন্যই দরজা খুলে দেওয়া হয়।
টিকাঃ
[৪৯০] সিফাতুস সাফওয়া, ১/২১৮
📄 রাতের মৃত লাশ
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, সাবধান! আমি যেন আপনাদেরকে রাতে লাশের মতো পড়ে থাকতে না দেখি আর দিনে এখানে-সেখানে আড্ডা দিতে না দেখি।
টিকাঃ
[৪৯১] হিলয়াতুল আউলিয়া, ১/১৩০
📄 ইলম হলো আল্লাহর ভয়ভীতির নাম
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, হাদিস বর্ণনার আধিক্য ইলম নয়; বরং ইলম হলো আল্লাহর ভয়ভীতির নাম।
তিনি আরও বলেন, ইলম হিসাবে আল্লাহর ভয়ভীতিই যথেষ্ট এবং মূর্খতার প্রমাণ হিসাবে আল্লাহর প্রতি দাম্ভিকতা প্রদর্শন যথেষ্ট।
টিকাঃ
[৪৯২] হিলয়াতুল আউলিয়া, ১/১৩১
[৪৯৩] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/২০২