📄 কুরআন বহনকারী
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, কুরআন কারিম বহনকারীর বৈশিষ্ট্য এমন হওয়া উচিত যে, রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকবে তখন সে হবে জাগ্রত আর দিনে মানুষ যখন পানাহারে লিপ্ত থাকবে তখন সে হবে উপোস। মানুষ যখন আনন্দ-উল্লাস করবে তখন সে হবে চিন্তামগ্ন আর তারা যখন হাসাহাসি করবে তখন সে থাকবে ক্রন্দনরত। তারা যখন একে অপরের সাথে আলাপ-আলোচনা করবে তখন সে থাকবে নিশ্চুপ-নীরব আর যখন তারা দম্ভ ও অহংকার করবে তখন সে হবে বিনয়ী।
কুরআন কারিমের অধিকারীকে হতে হবে ক্রন্দনকারী, বিজ্ঞ, চিন্তাশীল ও সহনশীল। সে হতে পারবে না রূঢ়ভাষী, গাফেল, উচ্চ আওয়াজি, কর্কশভাষী এবং কঠোর স্বভাবের অধিকারী।
টিকাঃ
[৪৮৮] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০২
📄 কর্মশূন্য মানুষ
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আমার বড় কষ্ট হয় ওই ব্যক্তিকে দেখে, যে না দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে আর না পরকালের কোনো আমল করছে।
টিকাঃ
[৪৮৯] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৭৭৫
📄 দরজায় করাঘাত করা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যতক্ষণ তুমি নামাজে আছ ততক্ষণ তুমি তোমার মালিকের দরজায় করাঘাত করছ। আর যে দরজায় করাঘাত করে তার জন্যই দরজা খুলে দেওয়া হয়।
টিকাঃ
[৪৯০] সিফাতুস সাফওয়া, ১/২১৮
📄 রাতের মৃত লাশ
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, সাবধান! আমি যেন আপনাদেরকে রাতে লাশের মতো পড়ে থাকতে না দেখি আর দিনে এখানে-সেখানে আড্ডা দিতে না দেখি।
টিকাঃ
[৪৯১] হিলয়াতুল আউলিয়া, ১/১৩০