📄 ব্যক্তির অন্তর তার ধনভাণ্ডারের সাথেই থাকে
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, কেউ যদি তার ধনভান্ডারকে আকাশে রাখতে চায়, যেখানে কোনো পোকামাকড় তা খেতে পারবে না আর কেউ তা চুরিও করতে পারবে না, তাহলে সে যেন তা করে। ব্যক্তির অন্তর তার ধনভান্ডারের সাথেই থাকে।
টিকাঃ
[৪৮৩] সিফাতুস সাফওয়া, ১/২১৯
📄 রোজা-নামাজ তো তোমরা বেশিই পড়ো
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবিদের চেয়ে তোমরা অনেক বেশি রোজা রাখো, অনেক দীর্ঘ নামাজ আদায় করো, তাদের চেয়েও তোমরা আরও বেশি চেষ্টা-মুজাহাদা করে থাকো, তবে তা সত্ত্বেও তারাই হলো তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। লোকেরা জিজ্ঞেস করল, হে আবু আবদুর রহমান, কেন এমন পার্থক্য হলো? তিনি বলেন, কারণ তারা তোমাদের চেয়ে আরও অধিক দুনিয়াবিমুখ এবং পরকালের ব্যাপারে অধিক আগ্রহী।
টিকাঃ
[৪৮৪] হিলয়াতুল আউলিয়া, ১/১৩৬
📄 মৃতদের অনুসরণ
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, তোমাদের কেউ যেন ধর্মীয় বিষয়ে এমনভাবে কারও অনুসরণ না করে যে, ওই ব্যক্তি ঈমান আনলে সেও ঈমান আনবে আর ওই ব্যক্তি কাফের হয়ে গেলে সেও কাফের হয়ে যাবে। যদি তোমরা কারও অনুসরণ করতে চাও তাহলে মৃতদের অনুসরণ করবে। কারণ জীবিতরা কখন কোন ধরনের ফিতনায় জড়িয়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই।
টিকাঃ
[৪৮৫] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১২৩
📄 মানুষের সাথে যেভাবে ওঠাবসা করবে
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, লোকজনের সাথে আপনারা শারীরিকভাবে ওঠাবসা করবেন, কিন্তু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কাজকর্মের ক্ষেত্রে তাদের থেকে অন্তরের দিক থেকে দূরে থাকবেন। তারা যা চায় সে বিষয়ে তাদের সাথে এমনভাবে সহমত পোষণ করবেন যাতে আপনাদের দ্বীন-ধর্ম ক্ষতির সম্মুখীন না হয়।
টিকাঃ
[৪৮৬] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ১৮৮