📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ঈমানের হাকিকত

📄 ঈমানের হাকিকত


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানের হাকিকত লাভ করতে পারে না যতক্ষণ না সে তার সর্বোচ্চ চূড়ায় আরোহণ করে। আর সে ততক্ষণ পর্যন্ত সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে পারে না, যতক্ষণ ধনাঢ্যতার পরিবর্তে দারিদ্র্য তার নিকট অধিক প্রিয় হয়ে ওঠে। মর্যাদা লাভের পরিবর্তে বিনয় তার অধিক পছন্দনীয় হয়। এমনকি কেউ তার প্রশংসা করল কি করল না সে তার প্রতি ভ্রুক্ষেপ করবে না। উভয়টাই তার নিকট সমান মনে হবে।
আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর ছাত্ররা তার এই বক্তব্যের ব্যাখ্যায় বলেছেন, হারাম উপায়ের ধনাঢ্যতার পরিবর্তে হালাল উপায়ের দারিদ্র্য তার নিকট প্রিয় হবে। আল্লাহর অবাধ্যতা করে মর্যাদা লাভের পরিবর্তে আল্লাহর আনুগত্যের পথের বিনয় তার নিকট পছন্দনীয় হবে। হকের প্রশ্নে তার প্রশংসাকারী ও নিন্দুক সকলেই তার চোখে সমান হবে।

টিকাঃ
[৪৩৯] সিফাতুস সাফওয়া, ১/২১৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ধনাঢ্যতা

📄 ধনাঢ্যতা


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আল্লাহ তোমার জন্য যা বন্টন করেছেন তাতে সন্তুষ্ট থাকবে, তাহলে সবচেয়ে ধনী হতে পারবে। তিনি তোমার ওপর যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকবে, তাহলে সবচেয়ে খোদাভীরু হতে পারবে। আল্লাহ তোমার ওপর যা ফরজ করেছেন তা আদায় করবে, তাহলে সবচেয়ে বড় আবেদ হতে পারবে। আল্লাহর কাছে সাহায্য কামনা করবে, তাহলে তুমি তার বিশেষ বান্দা হতে পারবে।

টিকাঃ
[৪৪০] রিসালাতুল মুসতারশিদিন, ৫৩-৫৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যে যেমন চায় তেমন ফল পায়

📄 যে যেমন চায় তেমন ফল পায়


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, দিবারাত্রির পালাবদলের মাধ্যমে তোমাদের জীবন সংকুচিত হয়ে আসছে। আর এতে তোমরা যা-কিছু করছ তা সংরক্ষিত হয়ে যাচ্ছে। জেনে রাখো, এর মধ্যেই হঠাৎ করে মৃত্যু চলে আসবে। কেউ উত্তম বিষয় চাষ করলে সে ভালো ফল লাভ করবে আর কেউ মন্দ কিছু চাষ করলে সে লজ্জা এবং অপমানের ফল লাভ করবে। যেমন চাষ করবে তেমন ফল পাবে।
ধীরগামী কখনো অগ্রগতি করতে পারবে না আর লোভী কখনো সে বিষয় লাভ করতে পারবে না, যেটা তার ভাগ্যে লেখা নেই। যদি কেউ কোনো কল্যাণ লাভ করে তাহলে সে যেন বিশ্বাস রাখে যে, আল্লাহ তাআলা তাকে তা দান করেছেন আর কেউ কোনো অকল্যাণ থেকে বেঁচে গেলে যেন বিশ্বাস রাখে যে, আল্লাহ তাআলাই তাকে রক্ষা করেছেন।
মুত্তাকিরা হলো সরদার, ফুকাহায়ে কেরাম হলেন সেনাপতি। তাদের সাথে ওঠাবসার মাধ্যমেই অন্তরের অবস্থার উন্নয়ন ঘটে থাকে।

টিকাঃ
[৪৪১] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২০১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিনয়

📄 বিনয়


আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, যে ব্যক্তি নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে নিচে নামিয়ে দেন আর যে ব্যক্তি আল্লাহর ভয়ে বিনীত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে উঁচু করে দেন।
যে ব্যক্তি দুনিয়ায় কপটতা করে বেড়ায়, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সবার সামনে কপট হিসাবেই হাজির করবেন।

টিকাঃ
[৪৪২] হিলয়াতুল আউলিয়া, ১/১৩৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00