📄 মাকবুল আমল
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, পৃথিবীভরতি স্বর্ণ লাভের তুলনায় আমার কাছে অধিক পছন্দনীয় হলো এটা জানতে পারা যে, আল্লাহ আমার একটি আমল কবুল করেছেন।
টিকাঃ
[৪৩৪] কানযুল উম্মাল, ৩/৬৯৮, ক্রমিক নম্বর, ৮৫০০
📄 আল্লাহর খাজাঞ্চি
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, এই কুরআন হলো আল্লাহর খাজাঞ্চি। কেউ যদি এর কিছু শেখার সক্ষমতা রাখে তাহলে যেন তা শিখে নেয়। কারণ যে ঘরে আল্লাহর কিতাবের কিছুই নেই তাতে কল্যাণের কিছু নেই। যে ঘর আল্লাহর কিতাবশূন্য তা এক বিরান ঘরের মতো, আবাদ করার মতো কেউ বিদ্যমান নেই। শয়তান যে ঘরে সুরা বাকারা তেলাওয়াতের আওয়াজ শুনতে পায় ওই ঘর থেকে সে বের হয়ে যায়।
তিনি আরও বলেন, অন্তরগুলো তো পাত্র। এ পাত্রকে তোমরা কুরআন কারিম দিয়ে পূর্ণ করে নাও। অন্যকিছু দিয়ে তা ভরে ফেলো না।
টিকাঃ
[৪৩৫] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১১৯
📄 ঈমান ও আমল
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, তোমরা প্রথমে ইলম শেখো। তা শেখা হয়ে গেলে সেই অনুযায়ী আমল করো।
তিনি আরও বলেন, দুর্ভোগ হোক ওই ব্যক্তির, যে ইলম অর্জন করে না। আসলে আল্লাহর তাওফিক থাকলে সে ইলম অর্জন করতে পারত। তেমনই দুর্ভোগ ওই ব্যক্তির জন্য, যে ইলম অর্জন করে সে অনুযায়ী আমল করে না। এই কথাটি তিনি সাতবার বলেছেন।
টিকাঃ
[৪৩৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১১৯
📄 চাটুকারিতা
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, লোকেরা দ্বীনসহ ঘর থেকে বের হয় আর দ্বীনহারা হয়ে ঘরে ফিরে আসে। তা এভাবে যে, সে কারও নিকট গিয়ে আল্লাহর নামে শপথ করে বলে, বাহ, আপনি তো এমন হয়ে গেছেন! এত এত মর্যাদার অধিকারী হয়েছেন!
এতসব চাটুকারিতা করেও যখন সে ওই ব্যক্তি থেকে নিজের প্রয়োজন পূরণ করতে পারে না তখন সে আল্লাহর ওপর অসন্তুষ্ট হয়ে যায়।
টিকাঃ
[৪৩৭] সিফাতুস সাফওয়া, ১/২১৯