📄 দুটি প্রজন্মের অবস্থা
আবু জর রা. বলেন, এক সময়কার মানুষ ছিল এমন, গাছের মতো যাতে কেবল পাতা ছিল, কিন্তু কোনো কাঁটা ছিল না আর এখনকার মানুষ হয়ে গেছে পুরো উলটো। তাদের অবস্থা এমন, গাছের মতো হয়ে গেছে যাতে কোনো পাতাই নেই; বরং কাঁটা দিয়ে তা ভরা।
টিকাঃ
[৪২৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/১৯৭
📄 এ ব্যাপারে আমরা আল্লাহতায়ালার আনুগত্য করে থাকি
এক ব্যক্তি হজরত আবু জর রা.-কে গালিগালাজ করলে তিনি বলেন, ওহে! তুমি আমাদের গালিগালাজ করো না। মীমাংসার রাস্তা রেখো। কেননা যারা আমাদের ক্ষতি করতে গিয়ে আল্লাহর অবাধ্যতা করে আমরা তাদের থেকে সমান সমান প্রতিশোধ গ্রহণ করি না।
টিকাঃ
[৪২৫] আল-ইকদুল ফারিদ, ২/১২৪
📄 আপনাদের সামান্যপাত্র কোথায়
এক ব্যক্তি হজরত আবু জর রা.-এর ঘরে প্রবেশ করে চারদিকে নজর বুলাতে থাকে। তারপর সে বলে, হায় আবু জর! আপনাদের ঘরের আসবাবপত্র কোথায়? আবু জর রা. বলেন, আমাদের জন্য তো রয়েছে এমন এক ঘর, যেখানে আমরা আমাদের উত্তম মালসামানা জমা করে থাকি (অর্থাৎ আমাদের জন্য পরকালীন নিবাস রয়েছে। যেখানে আমরা নিজেদের আমল পাঠিয়ে থাকি)। ওই লোকটি তখন বলে, সেটা তো বুঝলাম। তবে যতদিন দুনিয়াতে আছেন ততদিন তো অবশ্যই আপনার কিছু সামানাপত্রের প্রয়োজন রয়েছে! হজরত আবু জর রা. বলেন, যিনি ঘরের প্রকৃত মালিক তিনিই তো আমাদেরকে এখানে চিরকাল রাখবেন না।
টিকাঃ
[৪২৬] সিফাতুস সাফওয়া, ১/৩০৩
📄 আমি তখন গোলাম হয়ে যাব
হজরত উসমান ইবনে আফফান রা. একবার নিজের এক গোলামকে দিয়ে হজরত আবু জর রা.-এর নিকট কিছু অর্থসম্পদ পাঠান। পাঠানোর সময় গোলামকে বলে দেন, আবু জর রা. যদি এ সম্পদ গ্রহণ করেন তবে তুমি স্বাধীন হয়ে যাবে। গোলাম সে সম্পদ নিয়ে হজরত আবু জর রা.-এর নিকট পেশ করে। কিন্তু তিনি তা গ্রহণ করতে অসম্মতি জানান। গোলাম তখন বলে, হজরত! আপনি যদি তা গ্রহণ করেন তাহলে আমি আজাদ হয়ে যেতে পারব। আবু জর রা. তখন বলেন, বুঝলাম তুমি আজাদ হয়ে যাবে, কিন্তু আমি তখন (উসমান রা.-এর) গোলাম হয়ে যাব।
টিকাঃ
[৪২৭] শারানি কৃত তানবিল মুগতাররিন, ১৪৭