📄 অধিকাংশ মানুষের অবস্থা
আবু জর রা. বলেন, লক্ষ করে দেখুন, মানুষের অবস্থা এখন আর ভালো নেই। তাদের মধ্যে কল্যাণ নেই। তবে সেসব লোকের কথা ভিন্ন, যারা খোদাভীরু কিংবা তাওবাকারী।
টিকাঃ
[৪১৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৩৯
📄 চিঠি
নাফে আত-তাহি বলেন, আমি একবার আবু জর রা.-এর পাশ দিয়ে অতিক্রম করছিলাম তখন তিনি আমাকে বলেন, আপনি কোত্থেকে এসেছেন? আমি বললাম, আমার বাড়ি ইরাকে। তিনি এরপর জিজ্ঞেস করেন, তাহলে কি আপনি আবদুল্লাহ ইবনে আমেরকে চেনেন? আমি বললাম, হ্যাঁ, চিনি। তিনি তখন বলেন, সে একসময় আমার সাথে থাকত, আমার সাথে ওঠাবসা করত, কিন্তু এরপর সে রাষ্ট্রীয় ক্ষমতার প্রতি আগ্রহী হয়ে ওঠে। আমাকে ছেড়ে চলে যায়। তাই আপনি বসরা গিয়ে তার নিকট হাজির হবেন। সে নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করবে যে, কী প্রয়োজনে এসেছেন? আপনি তখন তাকে বলবেন, আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। এরপর তাকে বলবেন, আবু জর গিফারি আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। তিনি আপনাকে সালাম জানিয়ে বলেছেন, আমাদের অবস্থা তো এমন হওয়া উচিত যে, আমরা কেবল খেজুর আর পানি খাব। এভাবে অতি সাধারণ জীবনযাপন করব। ব্যস, এটুকুই তাকে বলবেন।
নাফে বলেন, আমি বসরা গিয়ে তার সামনে উপস্থিত হই। তিনি আমাকে দেখে জিজ্ঞেস করেন, কী প্রয়োজনে এসেছেন? আমি বললাম, আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি আমাকে একান্ত কিছু সময় দিন। এরপর আমি তাকে বলি, আবু জর আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই তার অন্তর বিনম্র হয়ে যায়। এরপর তাকে বলি, তিনি আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন, আমরা তো কেবল খেজুর ও পানি খাব আর অতি সাধারণভাবে জীবনযাপন করব।
নাফে বলেন, এ কথা শুনে তিনি গলাবন্ধের মধ্যে মাথা প্রবেশ করিয়ে অঝোর ধারায় কাঁদতে থাকেন।
টিকাঃ
[৪২০] সিফাতুস সাফওয়া, ১/৩০২
📄 প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাওয়ায় আশঙ্কা হয়
শামের গভর্নর হাবিব ইবনে মাসলামা হজরত আবু জর রা.-এর নিকট ৩০০ দিনার পাঠিয়ে বলেন, এর মাধ্যমে আপনার প্রয়োজন পূরণ করুন। আবু জর রা. তার উত্তরে দিনারগুলো নিয়ে আগমনকারী লোককে বলেন, এগুলো নিয়ে হাবিবের কাছেই ফিরে যাও। আমাদের জন্য তো যথেষ্ট কেবল সামান্য ছায়া, যার নিচে আমরা আশ্রয় নেব এবং একপাল মেষ, যার দুধ আমরা গ্রহণ করব আর সেই দাসী, যে নিজ অনুগ্রহে আমাদের সেবাযত্ন করবে। এই দিনার গ্রহণ করার ক্ষেত্রেই তো আমার আশঙ্কা হয়, এগুলো প্রয়োজনের অতিরিক্ত হয়ে গেল কি না।
টিকাঃ
[৪২১] সিফাতুস সাফওয়া, ১/৩০৩
📄 জাহান্নামের পুল
আবু আসমা আর-রাহাবি বলেন, আবু জর রা. যখন রবজায় থাকতেন তখন আমি একবার তার নিকট গিয়েছিলাম। সে সময় তার কাছে ছিল কালো এক মহিলা। যে ছিল তার স্ত্রী। মহিলাটির অবস্থা ছিল ধূলিমলিন। তার শরীরে উত্তম রঙিন কাপড় বা সুগন্ধির কোনো চিহ্ন ছিল না। আবু জর রা. তখন তার স্ত্রীকে দেখিয়ে বলেন, তোমরা কি দেখতে পাচ্ছ না এই কালো মহিলাটি আমাকে কী করতে বলছে? সে আমাকে ইরাক যেতে বলছে। অথচ ইরাকে গেলে লোকেরা আমার নিকট তাদের দুনিয়া এবং অর্থসম্পদ ঢেলে দেবে। কিন্তু আমি তা করব না। কারণ আমার বন্ধু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন, জাহান্নামের আগে রয়েছে এমন এক রাস্তা, যাতে বহু মানুষের পদস্খলন ঘটবে। যদি আমরা বহনযোগ্য হালকা বোঝা নিয়ে এ রাস্তা পার হতে পারি, তাহলে তো নিশ্চয়ই সেটা ওই অবস্থা থেকে উত্তম হবে, যখন তা পাড়ি দিতে গিয়ে আমাদের কাঁধে থাকবে বিশাল ভারী বোঝা।
টিকাঃ
[৪২২] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৩৬