📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইসলাম এবং মুসলমানদের প্রতি ভালোবাসা

📄 ইসলাম এবং মুসলমানদের প্রতি ভালোবাসা


আবু জর রা. বলেন, হৃদয়ের গভীর থেকে ইসলাম ও মুসলমানদের ভালোবাসবে, অসহায় ও দরিদ্রদেরকে ভালোবাসবে।
দুশ্চিন্তা নিয়ে দুনিয়ার ঝামেলায় জড়াবে আর ধৈর্যের মাধ্যমে তা থেকে বের হয়ে আসবে।
যে ব্যক্তি এখন ভালো আমল করে যাচ্ছে তার ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যেয়ো না, সে যেকোনো সময় খারাপ রাস্তায় চলে যেতে পারে এবং খারাপ অবস্থায় তার মৃত্যু হয়ে যেতে পারে। তেমনইভাবে যে ব্যক্তি এখন খারাপ রাস্তায় রয়েছে তার ব্যাপারে নিরাশ হয়ে যেয়ো না, যেকোনো সময় সে ভালো পথে এসে যেতে পারে এবং ভালো অবস্থায় তার মৃত্যু হতে পারে।
তুমি নিজের নফসের ব্যাপারে যা জানো সেটাই যেন তোমাকে অন্যান্য মানুষ থেকে দূরে সরিয়ে রাখে।

টিকাঃ
[৪০৯] বাইহাকি কৃত আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, পৃ.৬.১.এ

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সম্পদের অংশীদার

📄 সম্পদের অংশীদার


আবু জর রা. বলেন, তোমার সম্পদে তিন ধরনের অংশীদার রয়েছে। তাকদির, যা তোমার সাথে পরামর্শ করা ছাড়াই হয়তো সম্পদের কল্যাণ বয়ে আনবে কিংবা তার অকল্যাণ করে ফেলবে এবং তা সম্পূর্ণ ধ্বংস করে দেবে। আরেক অংশীদার হলো, তোমার ওয়ারিশ, যে অপেক্ষা করছে তুমি কখন মারা যাবে আর সে তোমার রেখে যাওয়া সম্পদ ভোগ করবে। আর তৃতীয় নম্বর অংশীদার হলো, তুমি নিজে, যদি তুমি অন্য দু-অংশীদারের মধ্যে শক্তিশালী অবস্থানে থাকতে চাও তাহলে সম্পদকে সেভাবে ব্যয় করো, আল্লাহ তাআলা যেভাবে তা ব্যয় করতে বলেছেন।
لَن تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنفِقُوا مِمَّا تُحِبُّونَ
কস্মিনকালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো। (সুরা আলে ইমরান, ৯২)
শোনো, এই উটই হলো আমার সবচেয়ে প্রিয় সম্পদ। তাই আমি একে পরকালের পাথেয় হিসাবে খরচ করতে চাই।

টিকাঃ
[৪১০] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৩৮; সিফাতুস সাফওয়া, ১/৩০১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিষয় দুটি কতই-না অপছন্দনীয়

📄 বিষয় দুটি কতই-না অপছন্দনীয়


আবু জর রা. বলেন, মানুষ তো জন্মগ্রহণ করেই মৃত্যুর জন্য। নির্মাণ করেই ধ্বংসের জন্য। তারা এমন বিষয়ের প্রতি আগ্রহী হয়ে থাকে, যা একসময় নিঃশেষ হয়ে যাবে। আর এমন সব বিষয় ফেলে রাখে, যা হবে চিরস্থায়ী। আফসোস! মৃত্যু ও দারিদ্র্য বিষয় দুটি তাদের নিকট কতই-না অপছন্দনীয়।

টিকাঃ
[৪১১] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৩৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 রাজদরবারে যাওয়া

📄 রাজদরবারে যাওয়া


আবু জর রা. বলেন, কখনো রাজাবাদশাদের দরবারে যাবে না। কারণ তাদের কাছ থেকে যতটুকু দুনিয়া তুমি অর্জন করতে পারবে তারা তোমার থেকে তার চেয়েও আরও বেশি পরিমাণে তোমার দ্বীন-ধর্ম হরণ করে নেবে।

টিকাঃ
[৪১২] ইহইয়াউ উলুমিদ্দিন, ২/২২৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00