📄 সচ্ছলতা এবং বিপদ-মুসিবত
আবদুর রহমান ইবনে আওফ রা. বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় যখন আমাদেরকে বিপদ-মুসিবতের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে, তখন আমরা ধৈর্যধারণ করেছি। কিন্তু তার মৃত্যুর পর যখন আমাদেরকে সচ্ছলতার মাধ্যমে পরীক্ষা করা হয়েছে, তখন আমরা আর ধৈর্যধারণ করতে পারিনি।
টিকাঃ
[৩৯২] সুনানে তিরমিজি, ২৪৬৪
📄 বিনয়
আবদুর রহমান ইবনে আওফ রা. এতটা বিনয় সহকারে চলতেন যে, তার এবং তার গোলামদের মধ্যে পার্থক্যই করা যেত না।
টিকাঃ
[৩৯৩] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৫৭
📄 সকল কল্যাণ দুনিয়াতেই পেয়ে যাওয়ার আশঙ্কা
আবদুর রহমান ইবনে আওফ রা.-এর কাছে একবার খাবার পরিবেশন করা হলে তিনি বলেন, আহ! মুসআব ইবনে উমাইর শাহাদাত বরণ করেছেন, তিনি তো ছিলেন আমার চেয়ে উত্তম। তাকে কাফন দেওয়ার মতো তখন একটি চাদরমাত্র ছিল।
হামজা শাহাদাত বরণ করেছেন আর তিনি তো ছিলেন আমার চেয়ে উত্তম, কিন্তু তাকে কাফন দেওয়ার জন্য কেবল একটি চাদর ছিল। তাদের এমন অবস্থা আর আমার এত উন্নত অবস্থা দেখে আশঙ্কা হয়, না জানি আমাদের উত্তম নেয়ামতসমূহ দুনিয়ার জীবনেই দিয়ে দেওয়া হচ্ছে। এই বলে তিনি কান্না করতে থাকেন।
টিকাঃ
[৩৯৪] সহিহ বুখারি, ১২৭৪