📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ঋণ পরিশোধের ব্যাপারে অসিয়ত

📄 ঋণ পরিশোধের ব্যাপারে অসিয়ত


জঙ্গে জামালের দিন হজরত যুবায়ের রা. ছেলে আবদুল্লাহকে অসিয়ত করে বলেন, হে বৎস! এই ঋণ আদায় করতে যখন তুমি অক্ষম হয়ে যাবে তখন আমার মাওলার নিকট সাহায্য চাইবে। আবদুল্লাহ বলেন, আমি তার কথা বুঝতে পারিনি। তাই জিজ্ঞেস করি, আপনার মাওলা কে? তিনি বলেন, আমার মাওলা তো হলেন আল্লাহ। আবদুল্লাহ বলেন, আল্লাহর কসম! ঋণ পরিশোধের ব্যাপারে আমি যখনই কোনো সমস্যায় পড়ে যেতাম তখনই বলতাম, হে যুবায়েরের মাওলা! আপনি তার ঋণ পরিশোধ করে দিন। তখন আমি দেখতাম যে, ঠিকই তার ঋণ পরিশোধ হয়ে যেত।

টিকাঃ
[৩৮৯] সহিহ বুখারি, ৩১২৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আত্মমর্যাদা ও ক্ষমা

📄 আত্মমর্যাদা ও ক্ষমা


মদিনার সামান্য দূরত্বেই হজরত যুবায়ের রা.-এর এক জায়গা ছিল। হজরত আসমা রা. সেখান থেকে খেজুরের আঁটি নিয়ে এসে হজরত যুবায়ের রা.-এর ঘোড়াকে খাওয়াতেন।
তিনি বলেন, একদিন আমি মাথায় করে খেজুরের আঁটি বহন করে নিয়ে আসছিলাম। এমন সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দেখা হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে তখন কয়েকজন আনসার সাহাবিও ছিলেন। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে দেখে ডাকলেন। এরপর আমাকে তাঁর উটের পিঠে আরোহণ করানোর জন্য উটকে বসাতে চাইলেন। কিন্তু পরপুরুষের সাথে যেতে আমি লজ্জাবোধ করতে লাগলাম। যুবায়ের রা.-এর আত্মসম্মানবোধের কথাও আমার মনে পড়ে গেল। তিনি ছিলেন খুব আত্মমর্যাদার অধিকারী। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুঝতে পারলেন যে, আমি খুব লজ্জাবোধ করছি। তাই তিনি চলে গেলেন। আমি যুবায়ের রা.-এর নিকট গিয়ে তাকে বিষয়টি জানালাম। এ কথা শুনে তিনি বললেন, আল্লাহর কসম! খেজুরের আঁটির বোঝা বহন করাটা যতটা লজ্জাজনক তার চেয়েও বেশি লজ্জাজনক হলো তার সঙ্গে উটে চড়া।

টিকাঃ
[৩৯০] সহিহ বুখারি, ৫২২৪; সহিহ মুসলিম, ২১৮২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00