📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আপনার প্রয়োজন আমি বুঝতে পেরেছি

📄 আপনার প্রয়োজন আমি বুঝতে পেরেছি


১৮ হিজরিতে শামে মহামারি দেখা দিলে হজরত উমর ইবনুল খাত্তাব রা. সেখানে অবস্থানরত হজরত আবু উবাইদা ইবনে জাররাহ রা.-কে চিঠি লিখে বলেন, এক কাজে আমার আপনাকে প্রয়োজন। আপনি দ্রুত আমার কাছে চলে আসুন। হজরত আবু উবাইদা রা. এই চিঠি পাঠ করে উত্তরে বলেন, আমি আমিরুল মুমিনিনের প্রয়োজনের কথা বুঝতে পেরেছি। তিনি তো এমন ব্যক্তিকে দুনিয়াতে রেখে দিতে চাচ্ছেন, যে আসলে থাকার নয়। তারপর তিনি হজরত উমর রা.-এর উদ্দেশে চিঠি লিখে বলেন, আমি আপনার প্রয়োজনের কথা বুঝতে পেরেছি। আপনার দৃঢ়সংকল্প থেকে আমাকে নিষ্কৃতি দিন। আমি মুজাহিদদের দলে রয়েছি। তাদের থেকে চলে আসতে আমার মন চাচ্ছে না।
হজরত উমর রা. তার এ চিঠি পড়ে কেঁদে ফেলেন। তাকে তখন জিজ্ঞেস করা হলো, আবু উবাইদা রা. কি মৃত্যুবরণ করেছেন? তিনি বলেন, না, এখনো তো মৃত্যুবরণ করেননি, তবে যেন শীঘ্রই মৃত্যুবরণ করবেন。

টিকাঃ
[৩৭৬] সিয়ারু আলামিন নুবালা, ১/১৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ভালো আমলের প্রভাব

📄 ভালো আমলের প্রভাব


আবু উবাইদা রা. বলেন, জেনে রাখুন, এমন বহু মানুষ রয়েছে যাদের কাপড়চোপড় ধবধবে সাদা কিন্তু তাদের দ্বীন-ধর্ম সম্পূর্ণ ময়লা-দুর্গন্ধযুক্ত!
জেনে রাখুন, এমন বহু মানুষ রয়েছে, যারা নিজেদের নফসকে সম্মান করতে গিয়ে আসলে তাকে অপদস্থ করে যাচ্ছে।
আপনারা অতীতের গুনাহসমূহকে নতুন নতুন ভালো আমলের মাধ্যমে মোচন করতে থাকুন। কেউ যদি এত অধিক পরিমাণ মন্দ কাজ করে যে, তাতে তার এবং আকাশের মধ্যবর্তী জায়গাও পূর্ণ হয়ে যায়, এরপর ভালো আমল করে, তাহলে সেই ভালো আমলটি তার মন্দ কাজেরও ঊর্ধ্বে উঠে যেতে পারে এবং মন্দ কাজটিকে ঢেকে ফেলতে পারে。

টিকাঃ
[৩৭৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১০০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তাদের ছায়াতলে আমি থাকতে চাই

📄 তাদের ছায়াতলে আমি থাকতে চাই


আবু উবাইদা রা. বলেন, সাদা-কালো, গোলাম-স্বাধীন, আরব-অনারব নির্বিশেষে যে-কারও ব্যাপারে যদি আমি জানতে পারি যে, সে আমার চেয়ে অধিক মুত্তাকি, তবে আমি তার ছায়াতলে থাকতেই পছন্দ করি。

টিকাঃ
[৩৭৮] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৩০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুষ্টু প্রকৃতির দৃষ্টান্ত

📄 দুষ্টু প্রকৃতির দৃষ্টান্ত


আবু উবাইদা রা. বলেন, মুমিনের অন্তর হলো চড়ুইপাখির মতো, যা প্রতিদিন দিগদিগন্তে ঘোরাফেরা করে。

টিকাঃ
[৩৭৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১০০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00