📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুনিয়া হলো ক্ষণস্থায়ী বস্তু

📄 দুনিয়া হলো ক্ষণস্থায়ী বস্তু


আলি রা. এক খুতবায় বলেন, লোকসকল! জেনে রাখো, দুনিয়া হলো ক্ষণস্থায়ী বস্তু। সৎ ও অসৎ নির্বিশেষে সকলেই তা থেকে ভোগ করে থাকে। পক্ষান্তরে পরকাল হলো পরম সত্য প্রতিশ্রুত এক বিষয়। যাতে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা ফয়সালা করবেন। জেনে রাখো, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ প্রদান করে আর আল্লাহ তোমাদের আপন ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ তো হলেন প্রাচুর্যময়, সুবিজ্ঞ। কুরআন কারিমে বলা হয়েছে,
(আরবি)
শয়তান তোমাদেরকে অভাব-অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়, সুবিজ্ঞ। (সূরা বাকারা, ২৬৮)
লোকসকল! এই পার্থিব জীবনটাকে ভালো ভালো কাজের মাধ্যমে সমৃদ্ধ করে তোলো, তাহলে এ জীবন পরবর্তী অধ্যায়ে বিপদ-আপদ থেকে নিরাপদ থাকতে পারবে। কেননা আল্লাহ তাআলা আপন আনুগত্যকারীদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন এবং অবাধ্যদেরকে জাহান্নামের হুমকি প্রদর্শন করেছেন। আর জাহান্নাম তো এমন আগুন, যার স্ফুলিঙ্গ কখনো থেমে যাবে না। যারা তাতে বন্দি হবে তারা কখনো মুক্তি পাবে না। যারা তাতে আক্রান্ত হবে তাদের চিকিৎসা করা হবে না। এর উত্তাপ হবে অত্যন্ত ভয়াবহ। এর গভীরতা হবে অনেক বেশি। পুঁজ হবে এর পানি।
আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি, তোমরা প্রবৃত্তির অনুসরণে ডুবে যাবে, বড় বড় আশা-আকাঙ্ক্ষা করতে থাকবে। অথচ প্রবৃত্তির অনুসরণ মানুষকে হক থেকে ফিরিয়ে রাখে আর বড় বড় আশা-আকাঙ্ক্ষা তাকে পরকালের কথা ভুলিয়ে দেয়。

টিকাঃ
[৩৪১] আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৮।

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অন্তরের দৃষ্টান্ত

📄 অন্তরের দৃষ্টান্ত


আলি রা. বলেন, পৃথিবীতে আল্লাহ তাআলার এক আয়না রয়েছে, তা হলো অন্তর। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অন্তর হচ্ছে যে অন্তর কোমল, পরিষ্কার এবং মসৃণ হয়ে থাকে।
এরপর তিনি এর ব্যাখ্যা করে বলেন, সে অন্তরই হবে আল্লাহর প্রিয় যা হবে দ্বীন পালনের ক্ষেত্রে দৃঢ়তম, ইয়াকিনের ক্ষেত্রে নির্মল ও পরিচ্ছন্ন এবং আপন ভাই-বন্ধুদের প্রতি কোমল。

টিকাঃ
[৩৪৪] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/১২১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 প্রবৃত্তি ও জিহাদ

📄 প্রবৃত্তি ও জিহাদ


আলি রা. বলেন, যে ব্যক্তি জান্নাতের প্রতি আগ্রহী হয়ে থাকে দুনিয়াতে সে প্রবৃত্তির কথা ভুলে যায়。

টিকাঃ
[৩৪৫] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/১৯৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুনিয়ার মোহে আচ্ছন্ন হওয়া

📄 দুনিয়ার মোহে আচ্ছন্ন হওয়া


আলি রা. এক খুতবায় বলেন, আমি তোমাদেরকে অসিয়ত করছি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সেই দুনিয়া ত্যাগ করো যা একদিন তোমাদের ত্যাগ করবে, যদিও তোমরা তাকে পরিত্যাগ করতে চাও না। এই দুনিয়া তোমাদের দেহকে জীর্ণশীর্ণ করে দিয়ে থাকে অথচ তোমরা তাকেই নবায়ন করে তুলতে চাও। তোমাদের এবং দুনিয়ার দৃষ্টান্ত তো হলো সফরকারী সেই সম্প্রদায়ের মতো, যারা কিছুটা পথ অতিক্রম করেই মনে করে বসে যে, ব্যস, সফর শেষ হয়ে গেছে। কোনো একটা স্থানে পৌঁছেই যারা মনে করে, হ্যাঁ, গন্তব্যে এসে গেছি। অথচ গন্তব্যে পৌঁছার জন্য তাদেরকে আরও কত পথ অতিক্রম করতে হবে।
এমন কত মানুষ রয়েছে, যাদের জীবনের আয়ু বাকি আছে মাত্র একদিন, কিন্তু তারা সেই একদিনই কত প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে দুনিয়া লাভের পেছনে ছুটছে। সাবধান! তোমরা দুনিয়ার দুঃখকষ্টে ভেঙে পড়বে না। কেননা তা একসময় আর থাকবে না এবং দুনিয়ার ভোগবিলাসিতার মাধ্যমেও আনন্দিত হবে না, কারণ তা নিঃশেষ হয়ে যাবে।
আমি দুনিয়ার মোহে আক্রান্তদের দেখে আশ্চর্য হই, তারা দুনিয়ার পেছনে ছুটছে অথচ ওদিকে মৃত্যু তাকে খুঁজে বেড়াচ্ছে। সে মৃত্যুর ব্যাপারে উদাসীন হয়ে রয়েছে কিন্তু মৃত্যু তার ব্যাপারে উদাসীন নয়。

টিকাঃ
[৩৪৬] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/৩৮০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00