📄 আল্লাহ তায়ালাকে অধিক জানুন
আলি রা. বলেন, মানুষের স্পর্ধা কত বড়! লোকেরা তাকে জিজ্ঞেস করে, কেন এমন বলছেন? কী হয়েছে? তিনি বলেন, কাউকে কোনো বিষয়ে জিজ্ঞেস করা হলে সে যদি তার উত্তর দিতে না পারে, তাহলে সোজাসাপটা বলে দেয়, আল্লাহ তাআলাই অধিক জানেন।
টিকাঃ
[৩৩৫] প্রাগুক্ত, পৃ. ২/১৬
📄 কারও ওপর জুলুম করা থেকে বেঁচে থাকো
আলি রা. বলেন, সাধারণ কোনো মানুষের অনুসরণ করবে না। কারণ মানুষের অবস্থা তো হলো, সে এখন হয়তো জান্নাতের আমল করে যাচ্ছে, কিন্তু একপর্যায়ে সে জাহান্নাম অনিবার্য করে দেয় এমন কাজে জড়িয়ে পড়তে পারে এবং সেই অবস্থায়ই তার মৃত্যু ঘটে যেতে পারে। ফলে সে জাহান্নামি হয়ে যেতে পারে। আবার কেউ হয়তো জাহান্নামিদের মতো কাজ করতে থাকে, তারপর একসময় সে জান্নাতের আমল করা শুরু করে দেয় এবং সে অবস্থায়ই তার মৃত্যু হয়। ফলে সে জান্নাতি হয়ে যায়।
তাই যদি কারও অনুসরণ করতেই হয় তাহলে মৃতদের অনুসরণ করো, জীবিতদের নয়।
টিকাঃ
[৩৩৬] প্রাগুক্ত, পৃ. ২/১৩৯
📄 ফসল
আলি রা. বলেন, ফসল দুই ধরনের। দুনিয়ার ফসল হলো অর্থসম্পদ ও তাকওয়া। আর আখেরাতের ফসল হলো আমল। আল্লাহ তাআলা অনেককে এই উভয় ফসলই দান করে থাকেন।
টিকাঃ
[৩৩৭] আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৮/৯
📄 জান্নাত লাভ করা
আলি রা. বলেন, যে ব্যক্তি পাঁচটি গুণ অর্জন করতে পারল সে যেন জান্নাত লাভের সকল পন্থাই অবলম্বন করল এবং জাহান্নামের সকল রাস্তা থেকেই পলায়ন করল। তা হচ্ছে:
১. আল্লাহর মারেফত লাভ করে তার আনুগত্য করা।
২. শয়তানের পরিচয় লাভ করে তার অবাধ্যতা করা।
৩. হকের পরিচয় লাভ করে তার অনুসরণ করা।
৪. বাতিলের পরিচয় লাভ করে তা থেকে বেঁচে থাকা।
৫. দুনিয়ার পরিচয় লাভ করে তা প্রত্যাখ্যান করা।
৬. এবং পরকালের পরিচয় লাভ করে তা তালাশ করা。
টিকাঃ
[৩৩৮] তানবিহুল গাফিলিন, পৃ. ১৮৩