📄 ব্যক্তির যোগ্যতা
আলি রা. বলেন, সদাচরণ ব্যক্তির যোগ্যতার প্রমাণ বহন করে থাকে। এর মাধ্যমে স্পষ্ট হয়, সে আসলে কতটা যোগ্যতার অধিকারী।
তিনি আরও বলেন, জেনে রাখো, মানুষ হলো অনুগ্রহের গোলাম।
সদাচরণের মাধ্যমে ব্যক্তির মূল্যমান ফুটে ওঠে। অতএব, তোমরা জ্ঞানগর্ভ কথা বলো, এতে তোমাদের মূল্যমান প্রকাশ পাবে。
টিকাঃ
[৩১৪] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ২/৫৬
📄 সবকিছু নিজের জন্যই
আলি রা. বলেন, লক্ষ করলে দেখা যাবে, প্রকৃতপক্ষে কেউই অন্যের ওপর জুলুম করে না। কেউ অন্য কাউকে কষ্ট দেয় না; বরং জালেম প্রকৃতপক্ষে নিজের ওপরই জুলুম করে থাকে। আল্লাহ তাআলা বলেন,
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ وَمَنْ أَسَاء فَعَلَيْهَا
যে সৎকর্ম করে সে নিজের উপকারের জন্যই করে। আর যে অসৎকর্ম করে, তা তার ওপরই বর্তাবে। (সুরা হা-মিম, ৪৬)
📄 ব্যক্তির সফলতা
আলি রা. বলেন, পাঁচটি বিষয় ব্যক্তির সাফল্যের লক্ষণ : ১. ব্যক্তি ও তার স্ত্রীর মন-মানসিকতা এক হওয়া। ২. সন্তানসন্ততি নেককার হওয়া। ৩. ভাই-বন্ধুরা খোদাভীরু হওয়া। ৪. প্রতিবেশীরা সৎকর্মশীল হওয়া। ৫. নিজের শহরেই কামাই-রুজির ব্যবস্থা হয়ে যাওয়া。
টিকাঃ
[৩১৫] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ৪৪
📄 ইলমের বিস্মৃতি
আলি রা. বলেন, তোমরা পরস্পরের দেখাসাক্ষাতে হাদিস নিয়ে আলোচনা-পর্যালোচনা করো। অন্যথায় একসময় ইলম বিলুপ্ত হয়ে যাবে。
টিকাঃ
[৩১৬] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১২১