📄 তোমরা পরকালের বাসিন্দা হয়ে যাও
হজরত আলি রা. একদিন কুফায় খুতবা প্রদান করে বলেন, লোকসকল! তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে বেশি আশঙ্কা হচ্ছে, তোমরা বড় বড় আশা-আকাঙ্ক্ষা পোষণ করতে শুরু করবে এবং প্রবৃত্তির অনুসরণ করবে। জেনে রাখো, বড় বড় আশা-আকাঙ্ক্ষা মানুষকে পরকালের কথা ভুলিয়ে দেয় আর প্রবৃত্তির অনুসরণ সত্য গ্রহণে বাধা হয়ে দাঁড়ায়। শোনো, দুনিয়া তো পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়ে গেছে আর আখেরাত এগিয়ে আসছে। জেনে রাখো, এই দুনিয়া ও আখেরাত উভয়েরই রয়েছে কিছু সন্তানসন্ততি। তোমরা আখেরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হবে না। আজ তোমরা কেবল আমল করছ, আমলের কোনো হিসাবনিকাশ হচ্ছে না। কিন্তু আগামীকাল কোনো আমল করতে পারবে না, তখন শুধু হিসাবনিকাশ চলবে。
টিকাঃ
[২৭০] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৮২; আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৪৬৩
📄 মানুষের সঙ্গে ওঠাবসা
আলি রা. বলেন, তুমি লোকদের সঙ্গে কথাবার্তায় রত থাকবে, শারীরিকভাবে উপস্থিত থাকবে বটে কিন্তু অন্তর ও কাজের দিক থেকে তাদের থেকে পৃথক থাকবে। প্রত্যেকে যা করবে সে তা-ই পাবে। সে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন সে তার সাথেই থাকবে。
টিকাঃ
[২৭১] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ১৮৯
📄 আমল কবুল হওয়া
আলি রা. বলেন, তোমরা আমলের প্রতি যতটুকু গুরুত্ব দেবে তার চেয়ে অধিক গুরুত্ব দেবে আমল কবুল হওয়ার প্রতি। কারণ তাকওয়ার সাথে যে আমল করা হয় কস্মিনকালেও তা কম নয় এবং সেই আমলও কখনো কম হতে পারে না যা কবুল করা হয়ে থাকে。
টিকাঃ
[২৭২] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৮১; কানযুল উম্মাল, ৩/৬৯৭
📄 খুব দ্রুত সুযোগ কাজে লাগানো
আলি রা. বলেন, তোমরা দ্রুত এ সুযোগগুলো কাজে লাগাও। কারণ মেঘমালার মতো দ্রুতগতিতে সুযোগগুলো চলে যাচ্ছে。
টিকাঃ
[২৭৩] আল-ইকদুল ফারিদ, ১/৫৩